Home জাতীয় দীর্ঘ ১৭ বছর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বাবর

দীর্ঘ ১৭ বছর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বাবর

 তারেক রহমানের দেশে ফেরার বিষয়েও আলোচনা

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: প্রায় সাড়ে ১৭ বছর পর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেখা গেছে। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৪টা ২২ মিনিটে তিনি মন্ত্রণালয়ে উপস্থিত হয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাতের সময় একটি মুহূর্ত বিশেষ নজর কাড়ে। বাবরকে দেখে স্বরাষ্ট্র উপদেষ্টা উঠে দাঁড়িয়ে তাকে ‘স্যার স্যার’ করে জড়িয়ে ধরেন।

বৈঠকে প্রধান আলোচনার বিষয় ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপে বাবর বলেন, “তারেক রহমানের ফেরার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কথা হয়েছে। তিনি দ্রুত দেশে ফিরবেন। দোয়া করবেন।”

বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে বাবর বলেন, “উনারা ভালো করার জন্য যথেষ্ট চেষ্টা করছেন। আন্তরিকতার কোনো কমতি নেই। বিএনপিও এ ক্ষেত্রে সহযোগিতা করবে।”

এছাড়া তিনি লুট হওয়া সব অস্ত্র এখনো উদ্ধার না হওয়া এবং ভারতের মাটিতে আওয়ামী লীগের বৈঠক প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করেন।

বাবর ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি নেতৃত্বাধীন সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। ২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছিলেন। তবে ২০২৪ সালের ডিসেম্বরে হাইকোর্টে খালাস পান এবং ২০২৫ সালের জানুয়ারিতে সব মামলা থেকে মুক্তি পান। প্রায় সাড়ে ১৭ বছর কারাভোগের পর মুক্তির পর এবার দীর্ঘ প্রায় দুই দশক পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার সফরকে রাজনৈতিক এবং প্রশাসনিক অঙ্গনে বিশেষভাবে নজরে দেখা হচ্ছে।