Home নির্বাচন গ্রেফতার-হয়রানি বন্ধ না হলে অবরোধের হুংকার শামীম কামালের

গ্রেফতার-হয়রানি বন্ধ না হলে অবরোধের হুংকার শামীম কামালের

বক্তব্য রাখছেন ‘জনতার দল’-এর চেয়ারম্যান ও সংসদ সদস্য পদপ্রার্থী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামীম কামাল
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, লালমনিরহাট: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে লালমনিরহাট-২ (আদিতমারী ও কালীগঞ্জ) আসনে নেতাকর্মী ও সাধারণ মানুষকে গ্রেফতার এবং হয়রানির অভিযোগ তুলেছেন ‘জনতার দল’-এর চেয়ারম্যান ও সংসদ সদস্য পদপ্রার্থী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামীম কামাল। এই হয়রানি অবিলম্বে বন্ধ করা না হলে  সংশ্লিষ্ট সকল দপ্তর এবং রাজপথ-রেলপথ অবরোধ করে অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
 শুক্রবার নিজ বাসভবনে আয়োজিত এক বিশাল কর্মীসভা ও সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
অভিযোগের মূল বিষয়সমূহ:
ব্রিগেডিয়ার শামীম কামাল তার বক্তব্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে বলেন:
  • অর্থ বাণিজ্য: সাধারণ মানুষকে উদ্দেশ্যহীনভাবে গ্রেফতার করে একটি পক্ষ হয়ে অর্থ বাণিজ্য চালানো হচ্ছে।
  • পক্ষপাতিত্ব: আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরপেক্ষতা হারিয়ে একটি বিশেষ পক্ষের হয়ে কাজ করছে।
  • কর্মী হয়রানি: নির্বাচনের পরিবেশ নষ্ট করতে জনতার দলের নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন চালানো হচ্ছে।
কঠোর হুঁশিয়ারি:
প্রশাসনকে সতর্ক করে তিনি বলেন, “আমরা অনেক ধৈর্য ধরেছি। এখনো সময় আছে আপনারা নিরপেক্ষতা বজায় রাখুন। যদি প্রশাসনিক কর্তপক্ষ দ্রুত সময়ের মধ্যে এই গ্রেফতার ও হয়রানি বন্ধ না করেন, তবে আদিতমারী ও কালীগঞ্জ উপজেলার নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কার্যালয়, থানা এবং রাজপথ-রেলপথ অবরোধ করা হবে। এর যাবতীয় দায়ভার আপনাদেরই নিতে হবে।”
নেতাকর্মীদের প্রতি নির্দেশনা:
সভায় উপস্থিত হাজার হাজার সমর্থকের উদ্দেশ্যে তিনি বলেন, কোনো প্রকার অন্যায় গ্রেফতারের চেষ্টা করা হলে তা কঠোর হস্তে দমন করতে হবে। একইসাথে তিনি প্রতিটি ঘরে ঘরে গিয়ে তার নির্বাচনী প্রতীক ‘কলম’ মার্কার বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
তিনি স্মরণ করিয়ে দেন যে, এই অঞ্চলের সাতবারের সাবেক সংসদ সদস্য মরহুম আলহাজ্ব মুজিবুর রহমানের উত্তরসূরি হিসেবে তিনি জনগণের অধিকার আদায়ে পিছপা হবেন না।
মতবিনিময় সভা শেষে ব্রিগেডিয়ার শামীম কামাল দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন যে, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমেই সকল ষড়যন্ত্র মোকাবিলা করে ‘কলম’ মার্কার বিজয় নিশ্চিত করা হবে।