Home সারাদেশ সরিষাবাড়ীতে বউ নিতে এসে সংঘর্ষ: প্রাণ গেল ২ জনের

সরিষাবাড়ীতে বউ নিতে এসে সংঘর্ষ: প্রাণ গেল ২ জনের

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, জামালপুর: সরিষাবাড়ীতে শ্বশুরবাড়িতে স্ত্রী নিতে এসে দুই পক্ষের সংঘর্ষে সোহেল রানা (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এদিকে এই মৃত্যুর খবর শুনে হৃদরোগে আক্রান্ত হয়ে মঞ্জুরুল ইসলাম (৪০) নামে আরও এক প্রতিবেশীর মৃত্যু হয়েছে। সোমবার (২৩ মার্চ) রাতে উপজেলার ডোয়াইল ইউনিয়নের ঢোলভিটি পূর্বপাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
ঘটনার সূত্রপাত: স্থানীয় সূত্রে জানা যায়, ৩ মাস আগে ঢোলভিটি গ্রামের লিটন মিয়ার মেয়ে শিলা আক্তারের সঙ্গে চাপারকোনা গ্রামের রনি মিয়ার বিয়ে (কাবিন) হয়। বিয়ের পর থেকেই দুই পরিবারের মধ্যে নানা বিষয়ে কলহ চলছিল। সোমবার রাতে রনি তার লোকজন নিয়ে স্ত্রীকে নিতে শ্বশুরবাড়ি আসেন। কিন্তু মেয়ের বাবা এখনই মেয়ে পাঠাতে অস্বীকৃতি জানালে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও সংঘর্ষ শুরু হয়।
যেভাবে প্রাণহানি ঘটল সংঘর্ষের সময় চিৎকার শুনে প্রতিবেশী সোহেল রানা এগিয়ে এলে তার ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা তাকে মারধর করে পাশের একটি ধানক্ষেতে ফেলে রাখে। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, ধানক্ষেতে সোহেল রানার মরদেহ দেখতে এসে প্রচণ্ড আতঙ্কে ও শোকে হার্ট অ্যাটাক করেন প্রতিবেশী মঞ্জুরুল ইসলাম মঞ্জু। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পাল্টাপাল্টি অভিযোগ: ছেলের পক্ষের দাবি, আলাপ-আলোচনার মাধ্যমেই তারা মেয়ে নিতে এসেছিলেন, কিন্তু কনে পক্ষ হঠাৎ উত্তেজিত হয়ে মারামারি শুরু করে। অন্যদিকে কনের দাদির অভিযোগ, রনি জোর করে মেয়ে তুলে নিতে চেয়েছিল এবং তারাই আগে প্রতিবেশীদের ওপর হামলা করেছে।
পুলিশের বক্তব্য: সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাচ্চু মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সোহেল রানার মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।