Home রাজনীতি ‘রাজপথ দখলে থাকবে এনসিপি ও ছাত্র-জনতার’ : ঠাকুরগাঁওয়ে সামান্তা

‘রাজপথ দখলে থাকবে এনসিপি ও ছাত্র-জনতার’ : ঠাকুরগাঁওয়ে সামান্তা

পীরগঞ্জে সামান্তা শারমিন
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঠাকুরগাঁও: পীরগঞ্জে অনুষ্ঠিত এনসিপির পথসভায় রাষ্ট্র কাঠামো নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। তিনি বলেন, “এই রাষ্ট্রীয় কাঠামো ফ্যাসিস্ট। এটি ভেঙে না দিলে আমাদের শান্তি আসবে না। জনগণের মুক্তি অসম্ভব। রাজপথ ছাত্র-জনতা ও এনসিপির দখলে থাকবে।”

শুক্রবার বিকেলে (৪ জুলাই) জুলাই পদযাত্রার চতুর্থ দিনের কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

সামান্তা শারমিন বলেন, “যে লড়াই আমরা শুরু করেছি, তা থেমে যাওয়ার নয়। গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে, কিন্তু কাঠামো এখনো অক্ষত। এই কাঠামো ভাঙতে চাই রাজনৈতিক সাহস ও সাংগঠনিক শক্তি—যা এনসিপি ও ছাত্র-জনতা ধারণ করেছে। আমরা কেবল রাজপথেই নয়, এই যুদ্ধ চালিয়ে যাব পার্লামেন্ট পর্যন্ত।”

সরকারি প্রতিষ্ঠানগুলোর দুর্নীতি, সেবার মান ও দখলদারিত্ব প্রসঙ্গে তিনি বলেন, “জেলার হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সংকটে। শিক্ষা ও স্বাস্থ্য যদি ভেঙে পড়ে, ভবিষ্যতের প্রজন্ম কীভাবে পরাক্রমশালী রাষ্ট্র গড়ে তুলবে?”

তিনি আরও বলেন, “প্রত্যেক এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্ব চলছে। এসবের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে নাগরিকদের। এনসিপি সেই লড়াইয়ে সামনে থাকবে।”

দলীয় অঙ্গীকারের কথা জানিয়ে তিনি বলেন, “এনসিপি জনগণের সঙ্গে ওয়াদাবদ্ধ। তরুণরাই এই লড়াইয়ের নেতৃত্ব দেবে। আমরা কখনো সেই ওয়াদা ভঙ্গ করব না। আপনারা আমাদের দোয়া করবেন এবং আমাদের জবাবদিহিতার আওতায় রাখবেন।”

পথসভায় আরও বক্তব্য রাখেন—এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, ড. আতিক মুজাহিদ, যুগ্ম মুখ্য সংগঠক আলী নাছের খান, আবু সাঈদ লিওন, ঠাকুরগাঁও জেলার প্রধান সমন্বয়ক গোলাম মুর্তজা সেলিমসহ স্থানীয় নেতাকর্মীরা।