বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: রাজধানীর মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানায় শুক্রবার বিকেলে এক আতঙ্কজনক পরিস্থিতির সৃষ্টি হয়। আজ ৫ ডিসেম্বর বিকেল পৌনে ৫টার দিকে চিড়িয়াখানার নির্ধারিত খাঁচা থেকে একটি সিংহ বেরিয়ে পড়ে। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় চিড়িয়াখানার পরিচালক রফিকুল ইসলাম তালুকদার।
সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় চিড়িয়াখানায় দর্শনার্থীদের প্রচুর ভিড় ছিল। সিংহ খাঁচা থেকে বেরিয়ে আসার খবর ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিয়ে দর্শনার্থীদের নিরাপদে চিড়িয়াখানা থেকে বের করে দিয়েছে।
চিড়িয়াখানার পরিচালক রফিকুল ইসলাম তালুকদার জানান, সিংহটি খাঁচা থেকে বের হলেও সেটি চিড়িয়াখানার সীমানার ভেতরেই অবস্থান করছে। তিনি বলেন, “সিংহটি আমাদের নজরেই আছে। তার গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে। আমাদের বিশেষ টিম চেতনানাশক বা অবশ করার গান (Tranquilizer Gun) নিয়ে প্রস্তুত রয়েছে। সুযোগ পেলেই সিংহটিকে অবশ করে পুনরায় খাঁচাবন্দি করা হবে। বর্তমানে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণেই রয়েছে।”
সিংহটি কীভাবে খাঁচা থেকে বের হলো—এমন প্রশ্নের জবাবে পরিচালক প্রাথমিকভাবে মানবসৃষ্ট ভুলের দিকেই ইঙ্গিত দিয়েছেন। তিনি জানান, খাঁচার গ্রিল ভাঙা বা কোথাও কোনো ফাঁক ফোকর পাওয়া যায়নি। সম্ভবত রক্ষকরা খাঁচার দরজায় তালা লাগাতে ভুলে গিয়েছিলেন অথবা তালাটি ঠিকমতো লাগানো হয়নি। ফলে দরজা দিয়েই সিংহটি বেরিয়ে আসার প্রবল সম্ভাবনা রয়েছে।
কর্তৃপক্ষ আরও জানায়, এই অনাকাঙ্ক্ষিত ঘটনা তদন্তের জন্য আজ রাতেই একটি তদন্ত কমিটি গঠন করা হবে। কার অবহেলার কারণে এমন বিপজ্জনক ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হবে।
উল্লেখ্য, মিরপুর জাতীয় চিড়িয়াখানায় বর্তমানে মোট পাঁচটি সিংহ রয়েছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত সিংহটিকে খাঁচাবন্দি করার অভিযান চলছে।










