Home চট্টগ্রাম নাগরিক সচেতনতা ছাড়া বাসযোগ্য নগর গড়া অসম্ভব: মেয়র ডা. শাহাদাত

নাগরিক সচেতনতা ছাড়া বাসযোগ্য নগর গড়া অসম্ভব: মেয়র ডা. শাহাদাত

ছবি সংগৃহীত
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীকে একটি পরিবেশবান্ধব, টেকসই ও দূষণমুক্ত মহানগরী হিসেবে গড়ে তুলতে হলে শুধু অবকাঠামোগত উন্নয়নই যথেষ্ট নয়, বরং বিজ্ঞানভিত্তিক সমাধান ও উদ্ভাবনী উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। বৃহস্পতিবার কাট্টলী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে আয়োজিত “বিজ্ঞান উৎসব-২০২৬”-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
“কৌতূহল থেকে সৃষ্টির পথে” প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এই উৎসবে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, জলবায়ু পরিবর্তন ও অতিবৃষ্টির মতো চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের এখন থেকেই বিজ্ঞানমনস্ক হিসেবে গড়ে তুলতে হবে। তিনি উল্লেখ করেন, আজকের প্রজন্মের প্রযুক্তিনির্ভর সৃজনশীল চিন্তাই হবে ভবিষ্যতের নিরাপদ চট্টগ্রাম গড়ার মূল ভিত্তি।
অনুষ্ঠানে মেয়র শিক্ষার্থীদের উদ্ভাবিত বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং রেইন ওয়াটার হার্ভেস্টিং, রিচার্জ ট্রিটমেন্ট প্ল্যান্ট ও পানি পরিশোধনের মতো বাস্তবমুখী প্রকল্পগুলো দেখে মুগ্ধ হন। তিনি বলেন: “আমি ছোটবেলায় বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করতাম। সেই অভিজ্ঞতা থেকে বলছি, বিজ্ঞানচর্চা কেবল একটি প্রতিযোগিতা নয়, এটি সমস্যা সমাধানের মানসিকতা তৈরি করে। জলবায়ু পরিবর্তনের ফলে এখন বৃষ্টির ধরন বদলেছে, যা নগরবাসীর জন্য দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। শিক্ষার্থীদের এই উদ্ভাবনী চিন্তাগুলো জলাবদ্ধতা নিরসন ও পানির নিরাপত্তা নিশ্চিতে বড় ভূমিকা রাখতে পারে।”
মেয়র আরও জানান, চসিক জলাবদ্ধতা নিরসন এবং খাল-নদী রক্ষায় নিরন্তর কাজ করছে। তবে সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিকদের সচেতনতা এবং তরুণ প্রজন্মের সক্রিয় অংশগ্রহণ ছাড়া বাসযোগ্য নগর গড়া অসম্ভব। তিনি শিক্ষকদের প্রতি আহ্বান জানান যেন তারা শিক্ষার্থীদের বইয়ের জ্ঞানের পাশাপাশি বাস্তব সমস্যা সমাধানেও উৎসাহিত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা কিসিঞ্জার চাকমা। সমাপনী পর্বে পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের শিক্ষা কর্মকর্তা ও সিনিয়র সহকারী সচিব নাজমা বিনতে আমিন, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মনজুর আলম মঞ্জু, অভিভাবক সদস্য রফিক উদ্দিন চৌধুরী, মো. শাহেদ আকবর, সুফিয়া আক্তার সিমি, কাট্টলী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. আবুল কাশেম।