Home বিনোদন কিম জুন-মিয়নের প্রেমে মজেছিলেন সুহানা?

কিম জুন-মিয়নের প্রেমে মজেছিলেন সুহানা?

বিনোদন ডেস্ক: বলিউড বাদশাহ শাহরুখ খানের কন্যা সুহানা খান রুপালি পর্দায় পা রাখার আগেই সংবাদ শিরোনামে নিজের জায়গা করে নিয়েছিলেন। জ়োয়া আখতারের ‘আর্চিজ়’ ছবির মাধ্যমে অভিনয়ে হাতেখড়ি হলেও বর্তমানে তিনি ব্যস্ত তার পরবর্তী বড় প্রজেক্ট ‘কিং’ ছবির প্রস্তুতি নিয়ে। তবে অভিনয়ের পাশাপাশি সুহানার ব্যক্তিগত জীবন ও প্রেমের গুঞ্জন নিয়ে কৌতূহলের শেষ নেই অনুরাগীদের।
দীর্ঘ দিন ধরে অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দের সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন শোনা গেলেও, সম্প্রতি সুহানার এক পুরনো স্বীকারোক্তি নতুন করে আলোচনায় উঠে এসেছে।
ইনস্টাগ্রামের জনপ্রিয় ‘আস্ক মি এনিথিং’ পর্বে এক অনুরাগী সুহানাকে প্রশ্ন করেছিলেন, তিনি কোন অভিনেতার সঙ্গে প্রেম করতে চান? সেই প্রশ্নের উত্তরে কোনো বলিউড তারকার নাম না নিয়ে সুহানা সরাসরি জানিয়েছিলেন দক্ষিণ কোরিয়ার গায়ক, গীতিকার তথা অভিনেতা কিম জুন-মিয়ন-এর নাম।
প্রিয় কোরিয়ান তারকার ছবি সমাজমাধ্যমে শেয়ার করে নিজের পছন্দের কথা প্রকাশ করেছিলেন তিনি। সুহানার এমন উত্তরে তখন বেশ অবাক হয়েছিলেন নেটিজেনরা।
‘আর্চিজ়’ ছবিতে অভিনয়ের জন্য সমালোচনার মুখে পড়লেও দমে যাননি সুহানা। বরং নিজেকে আরও দক্ষ করে তুলতে দীর্ঘ দিন ধরে প্রস্তুতি নিচ্ছেন তিনি। ২০২৬ সালের ২৪ ডিসেম্বর মুক্তি পেতে চলা ‘কিং’ ছবিতে সরাসরি বাবা শাহরুখ খানের সঙ্গেই বড় পর্দায় দেখা যাবে তাঁকে। তবে শুধু অভিনয় নয়, ভবিষ্যৎ গুছিয়ে রাখতেও বেশ পটু সুহানা।
ইতিমধ্যেই আলিবাগে ১২.৯১ কোটি টাকা মূল্যের একটি বিশাল জমি কিনে বিনিয়োগের জগতেও নিজের উপস্থিতির জানান দিয়েছেন তিনি।
অগস্ত্য নন্দের সঙ্গে প্রেমের গুঞ্জন থাকলেও বিষয়টি নিয়ে বরাবরই রহস্য বজায় রেখেছেন সুহানা। ব্যক্তিগত জীবন আর ক্যারিয়ারের ভারসাম্য বজায় রেখে তিনি এখন কেবলই ‘কিং’-এর অপেক্ষায়।
আরও খবরের জন্য businesstoday24.com ফলো করুন এবং আপনার মূল্যবান মন্তব্য আমাদের জানান।