Home খেলাধুলা ব্রিজস্টোন ৮ম সিসিএল জাতীয় টিম স্নুকার চ্যাম্পিয়নশিপ শুরু

ব্রিজস্টোন ৮ম সিসিএল জাতীয় টিম স্নুকার চ্যাম্পিয়নশিপ শুরু

স্পোর্টস ডেস্ক
চট্টগ্রাম: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রামে আনুষ্ঠানিকভাবে পর্দা উঠল ব্রিজস্টোন ৮ম সিসিএল জাতীয় টিম স্নুকার চ্যাম্পিয়নশিপ-২০২৬। চিটাগাং ক্লাব লিমিটেড এবং বাংলাদেশ বিলিয়ার্ড অ্যান্ড স্নুকার ফেডারেশনের যৌথ উদ্যোগে  ১৩ আগস্ট ২০২৬ (বৃহস্পতিবার) চিটাগাং ক্লাবে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। দেশের ৩১টি ক্লাবের ৩২টি দলের মোট ৯৪ জন খেলোয়াড় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন পৃষ্ঠপোশাক ইস্টার্ন মোটরস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রফিকুর রহমান। অনুষ্ঠানে চিফ হোস্ট হিসেবে উপস্থিত ছিলেন চিটাগাং ক্লাবের ভাইস চেয়ারম্যান সাইদুল আনোয়ার ফারহাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বিলিয়ার্ড অ্যান্ড স্নুকার ফেডারেশনের ট্রেজারার মনজুরুল হক মঞ্জু। এছাড়া স্বাগত বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপন করেন চিটাগাং ক্লাবের নির্বাহী সদস্য ও স্নুকার মেম্বার ইনচার্জ মোঃ কামরুজ্জামান লিটন।
অনুষ্ঠানের শুরুতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন টুর্নামেন্ট ডিরেক্টর চৌধুরী এম মাহতাবউদ্দিন (হুমায়ুন)। অনুষ্ঠানে অন্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাব নির্বাহী কমিটির সদস্য জাবেদ হাশেম নান্নু, দিলদার আহমেদ (দিলু), মোহাম্মদ কামরুল ইসলাম ও শেখ হাছান জামান। আরও উপস্থিত ছিলেন স্নুকার কনভেনর ফাহাদ বিন ফারুকসহ বিভিন্ন ক্রীড়ামোদী ক্লাব সদস্য ও অংশগ্রহণকারী দলগুলোর প্রতিনিধিবৃন্দ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাফিস বিন রিয়াজ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের চ্যাম্পিয়নশিপে স্বাগতিক চিটাগাং ক্লাব লিমিটেড (সিসিএল), চিটাগাং সিনিয়র ক্লাব, ঢাকা ক্লাব লিমিটেড, গুলশান ক্লাব লিমিটেড, উত্তরা ক্লাব লিমিটেড, নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড, ক্যাথলিক ক্লাব, কুমিল্লা ক্লাব, কুমিল্লা সিটি ক্লাব, ঢাকা বোর্ড ক্লাব, বনানী ক্লাব লিমিটেড, বাংলাদেশ বিলিয়ার্ড সেন্টার ঢাকা, বাংলাদেশ কিউ স্পোর্টস একাডেমি, আর অ্যান্ড বি বিলিয়ার্ডস সেন্টার, কিউ স্পোর্টস হাব, অ্যারিনা বাই কিউ স্পোর্টস একাডেমি, আরেফিন্স অ্যারিনা, দি ক্লাব হাউস চিটাগাং, লি রয়েল স্পোর্টস লিমিটেড, কিউ বিলিয়ার্ডস, কিউ অ্যান্ড ই ইউ বিলিয়ার্ডস, ব্র্যাক অ্যান্ড বল (বিএনবি), স্পোর্টস এক্স বিলিয়ার্ডস, রাভেন বিলিয়ার্ডস অ্যান্ড গেমিং, আফটার আওয়ার্স, বেইজ, বাংলাদেশ ক্লাব লিমিটেড, জিমিস বোউলিং অ্যান্ড বিলিয়ার্ডস, নাস বিলিয়ার্ডস একাডেমি, চিটাগাং বিলিয়ার্ডস জোন এবং সিলনেট আইটি অ্যান্ড বিলিয়ার্ড জোন অংশ নিচ্ছে।
প্রতিযোগিতার ট্রফি ও পুরস্কার বাবদ মোট ৩ লাখ টাকা প্রদান করা হবে। বিজয়ী চ্যাম্পিয়ন দল পাবে নগদ ১,০০,০০০ টাকা ও ট্রফি, রানার্সআপ দল পাবে ৬০,০০,০০০ টাকা। এছাড়া দুই সেমিফাইনালিস্ট (তৃতীয় ও চতুর্থ স্থান অধিকারী) এবং টুর্নামেন্টের হায়েস্ট ব্রেকারকে ২০,০০,০০০ টাকা করে নগদ পুরস্কার ও ট্রফি দেওয়া হবে।
উল্লেখ্য, টুর্নামেন্টের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে ব্রিজস্টোন ও ইস্টার্ন মোটরস লিমিটেড। কো-স্পন্সর হিসেবে যুক্ত রয়েছে বি. ওয়াই. ডি. অটোটেক, সেরিমাচান ট্রাভেল, ক্লাইম্ব, রয়েল সিমেন্ট এবং এ বারেক কর্পোরেশন। আগামী ২২ আগস্ট বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি রফিকুর রহমান বলেন, জাতীয় স্নুকার চ্যাম্পিয়নশিপের মতো একটি গুরুত্বপূর্ণ ইভেন্টের সঙ্গে সম্পৃক্ত হতে পেরে তারা অত্যন্ত গর্বিত ও আনন্দিত।
ভিজিট করুন www.businesstoday24.com