Home বিনোদন দীর্ঘ বিরতির পর বিদ্যা সিনহা মিম ফিরছেন নতুন সিনেমা দিয়ে

দীর্ঘ বিরতির পর বিদ্যা সিনহা মিম ফিরছেন নতুন সিনেমা দিয়ে

বিদ্যা সিনহা মিম। ছবি: সংগৃহীত
বিনোদন ডেস্ক: দীর্ঘদিন ধরে বড় পর্দা থেকে কিছুটা আড়ালে থাকলেও বিদ্যা সিনহা মিম আবারও আলোচনায় ফিরছেন নতুন সিনেমা ‘দিগন্তে ফুলের আগুন’-এর মাধ্যমে। ২০২২ সালের আলোচিত সিনেমা ‘পরাণ’-এর পর ‘দামাল’ নামে আরেকটি সিনেমা মুক্তি পেলেও তা তেমন দর্শকপ্রিয়তা পায়নি। এরপর থেকে সিনেমার পর্দায় খুব একটা দেখা যায়নি জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রীকে।

তবে তিনি একেবারে নিষ্ক্রিয় ছিলেন না। নিয়মিত ফটোশুট ও বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে মিডিয়ায় সক্রিয় থেকেছেন। নানা সময় বিভিন্ন আলোচনায় এলেও নতুন কোনো সিনেমার কাজ হাতে নেওয়ার কথা জানাননি।

অবশেষে জানা গেল, তিনি অভিনয় করেছেন ‘দিগন্তে ফুলের আগুন’ নামে একটি সিনেমায়, যেটি নির্মিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের জীবনকেন্দ্রিক গল্পে। এখানে মিম অভিনয় করেছেন শহীদুল্লাহ কায়সারের স্ত্রী পান্না কায়সারের চরিত্রে। সিনেমাটি পরিচালনা করেছেন ওয়াহিদ তারেক। তবে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষিতে এই সিনেমার মুক্তি নিয়েই রয়েছে অনিশ্চয়তা।

মিম জানিয়েছেন, “সিনেমাটির শুটিং শেষ হয়েছে। কিছু প্যাচ ওয়ার্কের কাজ বাকি রয়েছে, যেটি আগামী ১৬ ও ১৭ জুলাই সম্পন্ন করার কথা রয়েছে। সেই প্রস্তুতি নিচ্ছি।”
তিনি আরও বলেন, “এই সিনেমাটি নিয়ে অনেক বেশি আশাবাদী। গল্পটি খুবই শক্তিশালী ও হৃদয়ছোঁয়া। আমি চাই দর্শকরা প্রেক্ষাগৃহে এসে সিনেমাটি উপভোগ করুন।”

সিনেমার পাশাপাশি ওয়েব সিরিজেও কাজ করেছেন মিম। তবে নতুন কোনো কাজের বিষয়ে তিনি এখনো খুব বেছে বেছে সিদ্ধান্ত নিচ্ছেন। মিম বলেন, “নতুন কিছু কাজের প্রস্তাব আসছে। তবে গল্প ও চরিত্র পছন্দ না হলে তাতে আগ্রহ দেখাচ্ছি না।”

সম্প্রতি শ্রীলঙ্কা সফরও করেছেন তিনি। সেখানকার অভিজ্ঞতা প্রসঙ্গে বলেন, “১০ দিন ছিলাম শ্রীলঙ্কায়। এবারের সফরটি অনেক আনন্দময় ছিল। এত সুন্দর জায়গা ঘুরেছি, মনে হচ্ছে দ্বিতীয়বার যাওয়ার দরকার নেই। এক সফরেই মন ভরে গেছে।”

দর্শকদের কাছে হয়তো বিদ্যা সিনহা মিম কিছুটা অনুপস্থিত ছিলেন, তবে তার পছন্দসই কাজের প্রতি এই নিষ্ঠা প্রমাণ করে, তিনি এখনো সিনেমাকে ভালোবেসেই পথ চলছেন।