বিনোদন ডেস্ক: চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে ব্যবসায়ী নাছির উদ্দিন মাহমুদকে মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে দায়ের করা মামলার বিচার প্রক্রিয়া চলতে আর কোনো আইনি বাধা নেই। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ঢাকার ৯ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাজ্জাদুর রহমান খান রিভিশন মামলা খারিজ করে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আব্দুল মোমেন খান।
আদালত সূত্রে জানা গেছে, গত ২৭ মার্চ এ মামলায় অভিযোগ গঠনের আদেশকে চ্যালেঞ্জ করে রিভিশন দায়ের করা হয়। তবে শুনানি শেষে আদালত তা খারিজ করে দেন। এর ফলে মামলাটির বিচার কার্যক্রমে আর কোনো বাঁধা থাকছে না। বর্তমানে এটি সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে।
মামলার ইতিহাস অনুযায়ী, ২০২২ সালের ৬ জুলাই ঢাকার সাভারের বোট ক্লাবের পরিচালক নাছির উদ্দিন মাহমুদ পরীমনির বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। পরবর্তীতে একই বছরের ১৮ এপ্রিল পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিলে পরীমনিকে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়। পরে ২৬ জুন তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিন পান।
২০২৩ সালের ১৮ মার্চ মামলার তদন্তকারী কর্মকর্তা ও ঢাকা জেলার পিবিআই পরিদর্শক মো. মনির হোসেন তদন্ত প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে পরীমনিসহ জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়। তবে অভিযুক্ত হিসেবে থাকা ফাতেমা তুজ জান্নাত বনির বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট প্রমাণ মেলেনি।
এর আগে, গত ২৬ জানুয়ারি ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদ মামলার অভিযোগ গঠন করেন। একইসঙ্গে পরীমনির জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। তবে ২৭ জানুয়ারি তিনি আদালতে আত্মসমর্পণ করে পুনরায় জামিন পান।
সবশেষ রিভিশন খারিজের পর মামলার সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া দ্রুত এগিয়ে যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।










