বিজনেসটুডে২৪ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উল্লেখযোগ্য সাফল্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের কংগ্রেস নেতা ও সাবেক কূটনীতিক শশী থারুর। তার মতে, এই ফলাফল শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বাস্তবতায় বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিতই দিচ্ছে না, বরং ভবিষ্যতে ভারতের জন্যও তা উদ্বেগজনক হয়ে উঠতে পারে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে থারুর লিখেছেন, অধিকাংশ ভারতীয় হয়তো বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছেন না। কিন্তু তার কাছে এটি ভবিষ্যতের জন্য এক গুরুতর সংকেত। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের প্রধান দুটি রাজনৈতিক দল—বর্তমানে নিষিদ্ধ আওয়ামী লীগ এবং বাংলাদেশ ন্যাশনাল পার্টি—জনগণের আস্থা হারিয়েছে। এ কারণেই অনেকেই বিকল্প হিসেবে জামায়াতে ইসলামী (জেইআই)-এর দিকে ঝুঁকছেন।
থারুরের মতে, ভোটাররা মৌলবাদ বা উগ্রপন্থায় বিশ্বাস করে বলে নয়, বরং তারা জামায়াতকে তুলনামূলকভাবে পরিচ্ছন্ন শক্তি হিসেবে দেখছেন। কারণ মূলধারার দুই দলের মতো দুর্নীতি, অব্যবস্থাপনা ও রাজনৈতিক কলুষতায় জামায়াত এখনও এতটা জর্জরিত নয়।
তার পোস্টে তিনি আরও প্রশ্ন তোলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনে এই প্রবণতা কীভাবে প্রতিফলিত হবে? তখন কি নয়াদিল্লিকে এমন এক বাস্তবতার মুখোমুখি হতে হবে, যেখানে প্রতিবেশী বাংলাদেশে জামায়াত সংখ্যাগরিষ্ঠ সরকার গঠন করবে?










