Home শেয়ারবাজার ধারাবাহিক পতন শেষে ঘুরে দাঁড়াচ্ছে শেয়ারবাজার

ধারাবাহিক পতন শেষে ঘুরে দাঁড়াচ্ছে শেয়ারবাজার

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা:দীর্ঘ ধারাবাহিক দরপতনের পর অবশেষে ঘুরে দাঁড়াতে শুরু করেছে দেশের শেয়ারবাজার। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবারের উত্থানে বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আস্থা ফিরে এসেছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, ডিভিডেন্ড মৌসুমে এ উত্থান বাজারের ‘প্রত্যাশিত প্রত্যাবর্তন’, যা আগামী দিনগুলোতে বাজারের স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে।

সাম্প্রতিক সময়ে টানা দরপতনে বিনিয়োগকারীদের মধ্যে আস্থাহীনতা সৃষ্টি হয়। গত চার কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছিল প্রায় ১৮৩ পয়েন্ট। তবে সোমবার একদিনেই সূচক ফিরে এসেছে ৬৭ পয়েন্ট।

এ সময়ে বাজার মূলধনেও উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গেছে। গত চার কর্মদিবসে বাজার মূলধন কমেছিল ২৪ হাজার ৭৫৫ কোটি ৯৩ লাখ টাকা, অথচ একদিনের উত্থানেই তা বেড়েছে ১৬ হাজার ৩৫৫ কোটি ৬ লাখ টাকা।

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬৭.২৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ১১১.৫৯ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বেড়েছে ১৮.৮৬ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক বেড়েছে ২৭.৬৫ পয়েন্ট।

ডিএসইতে আজ মোট ৩৯৮টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ৩০০টির দর বেড়েছে, ৫৩টির কমেছে এবং ৪৫টির দর অপরিবর্তিত রয়েছে।

তবে সূচক ও মূলধন বাড়লেও টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ কিছুটা কমেছে। সোমবার ডিএসইতে ৩৯৪ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গত সাড়ে তিন মাসের মধ্যে সর্বনিম্ন। আগের দিন লেনদেনের পরিমাণ ছিল ৪৪৪ কোটি ৫০ লাখ টাকা। অর্থাৎ আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ৪৭ কোটি ৭৬ লাখ টাকা।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ লেনদেন বেড়েছে। সেখানে মোট ১৬ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের ১০ কোটি ৭০ লাখ টাকার তুলনায় বেশি। সিএসইতে আজ লেনদেন হওয়া ২১১টি প্রতিষ্ঠানের মধ্যে ৮৬টির দর বেড়েছে এবং ৯৪টির দর কমেছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ১৮.৮৯ পয়েন্ট, দাঁড়িয়েছে ১৪ হাজার ২৯২.৭৪ পয়েন্টে।

বাজার বিশ্লেষকদের মতে, পতনের ধারা থেমে যাওয়া এবং আংশিক উত্থান বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাঁরা আশা করছেন, মৌলভিত্তিক কোম্পানির পারফরম্যান্স ও ডিভিডেন্ড ঘোষণার সময় ঘিরে বাজারে ইতিবাচক গতি আরও বাড়বে।