Home সারাদেশ খাগড়াছড়িতে বিএনপির ৭ দিনের শোক কর্মসূচি: খোলা হয়েছে শোক বই

খাগড়াছড়িতে বিএনপির ৭ দিনের শোক কর্মসূচি: খোলা হয়েছে শোক বই

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, খাগড়াছড়ি: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে খাগড়াছড়ি জেলা বিএনপি সাত দিনব্যাপী শোক কর্মসূচি ঘোষণা করেছে। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই কর্মসূচির কথা জানানো হয়।

কর্মসূচির প্রথম দিনে জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়ার বাসভবনে এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে দলীয় ও কালো পতাকা উত্তোলন করা হয় এবং শোকের প্রতীক হিসেবে ব্যানার টাঙানো হয়। বেগম খালেদা জিয়ার স্মরণে একটি শোক বই খোলা হয়, যেখানে প্রথম স্বাক্ষর করেন ওয়াদুদ ভূঁইয়া। তিনি সাবেক এই প্রধানমন্ত্রীর বর্ণাঢ্য জীবন ও দেশের প্রতি তাঁর অবদানের কথা স্মরণ করে আবেগঘন ভাষায় শোকবার্তা লেখেন। পরবর্তীতে শোক বইটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

শোক বইয়ে লেখার পর এক সংক্ষিপ্ত বক্তৃতায় বেগম জিয়ার স্মৃতিচারণ করেন ওয়াদুদ ভূঁইয়া। তিনি বলেন, দেশনেত্রীর মৃত্যুতে জাতি এক আপসহীন ও দেশপ্রেমিক অভিভাবককে হারালো।

সাত দিনব্যাপী ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে:

  • জেলা ও সকল উপজেলা বিএনপির কার্যালয়ে কালো পতাকা উত্তোলন।
  • সকল পর্যায়ের নেতাকর্মীদের কালো ব্যাজ ধারণ।
  • দলীয় কার্যালয়গুলোতে মরহুমার আত্মার মাগফিরাত কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিল।

বিএনপির কর্মসূচির পাশাপাশি জেলা ক্রীড়া সংস্থাও বেগম জিয়ার মৃত্যুতে শ্রদ্ধা জানিয়েছে। জেলা স্টেডিয়ামে এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া শুরুর আগে মরহুমার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

খাগড়াছড়ি জেলার তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরাও নিজ নিজ এলাকায় বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে তাদের প্রিয় নেত্রীর বিদেহী আত্মার শান্তি কামনা করছেন।