Home নির্বাচন কেন্দ্র দখল করলে হাত অক্ষত থাকবে না: জামায়াত নেতার হুঁশিয়ারি

কেন্দ্র দখল করলে হাত অক্ষত থাকবে না: জামায়াত নেতার হুঁশিয়ারি

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, রামগড়: ভোটকেন্দ্রে প্রভাব বিস্তার বা ব্যালট বক্স ছিনতাইয়ের চেষ্টা করলে কঠোর পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহসান উল্লাহ।
তিনি বলেছেন, “কেন্দ্র দখল করে ব্যালট বক্স ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে সেই হাত আর অক্ষত থাকবে না। বাংলার মাটিতে কেন্দ্র দখলের ভোট আর কোনোদিন হতে দেওয়া হবে না।”
শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে খাগড়াছড়িতে আয়োজিত এক বিশাল নির্বাচনী গণমিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠ থেকে শুরু হওয়া মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে এসে সমাবেশে মিলিত হয়।
জনগণ এখন অনেক সচেতন উল্লেখ করে অধ্যাপক আহসান উল্লাহ বলেন, “যাদের কেন্দ্র দখলের মনোভাব আছে, তাদের বাড়ি থেকে বিদায় নিয়ে আসতে হবে।” তিনি আরও বলেন, কথায় কথায় হুমকি-ধমকির রাজনীতি আর মানুষ মেনে নেবে না। জামায়াত নৈরাজ্যে নয়, বরং শান্তি ও সম্প্রীতির রাজনীতিতে বিশ্বাসী। জয়ী হলে শিক্ষা ও স্বাস্থ্যসহ প্রতিটি সেক্টরে আধুনিক উন্নয়নের প্রতিশ্রুতি দেন তিনি।
সমাবেশে বিএনপিকে ইঙ্গিত করে তিনি বলেন, বাংলার মানুষ ভিক্ষুক নয় যে তারা ‘ফ্যামিলি কার্ড’ নিয়ে বাঁচবে। জামায়াত আত্ম-কর্মসংস্থান সৃষ্টি করে মানুষকে নিজের আয়ে চলার যোগ্য হিসেবে গড়ে তুলতে কাজ করবে।
অনুষ্ঠানে সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী বিএনপিকে ‘জনবিচ্ছিন্ন’ দল হিসেবে আখ্যা দিয়ে বলেন, “আগামী ১২ই ফেব্রুয়ারি নির্বাচনে জনগণ ব্যালট বিপ্লবের মাধ্যমে ১০ দলীয় জোটের প্রার্থীকে জয়ী করবে।”
তিনি প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে নির্বাচনী এলাকায় সবার জন্য সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করার এবং আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান।
খাগড়াছড়ি জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ মো. আব্দুল মোমেনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন এনসিপির জেলা আহ্বায়ক মো. নুরে আলম, খেলাফত মজলিশের সভাপতি আনোয়ার হোসাইন মিয়াজী এবং শ্রমিক কল্যাণ পরিষদের সভাপতি আব্দুল মান্নানসহ জোটের শীর্ষ নেতৃবৃন্দ।