বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ভোটের লড়াই জমে ওঠার আগেই বড় ধরনের সাংগঠনিক ধসের মুখে পড়েছে সরাইল উপজেলা বিএনপি। দলীয় প্রার্থীর নির্দেশ অমান্য করে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার পক্ষে ‘গোপন পিরিতি’ ও প্রকাশ্য প্রচারণার অভিযোগে শাহজাদাপুর ইউনিয়ন বিএনপির ৭১ সদস্যের পুরো কমিটিই স্থগিত করা হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) রাতে উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক এ বি এম সালাউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নজিরবিহীন শাস্তিমূলক ব্যবস্থার কথা জানানো হয়।
ঘটনার নেপথ্যে যা ঘটেছে
স্থানীয় ও দলীয় সূত্র বলছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাঠ গরম হওয়ার পর থেকেই শাহজাদাপুর ইউনিয়ন বিএনপির অধিকাংশ নেতা দলীয় জোটের প্রার্থীর ছায়া মাড়াননি। উল্টো তারা স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানার পক্ষে আদাজল খেয়ে মাঠে নামেন।
এই ‘বিদ্রোহী’ মনোভাবের কারণেই মঙ্গলবার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকসহ ৬ জন প্রভাবশালী নেতাকে বহিষ্কার করা হয়। কিন্তু তাতেও পরিস্থিতি শান্ত না হওয়ায় এবার পুরো কমিটিকেই কোপানো হলো।
নেতৃত্বের বক্তব্য
জেলা বিএনপির সহসভাপতি ও সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিছুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন:
“শাহজাদাপুর ইউনিয়ন কমিটির সদস্যরা দলীয় প্রার্থীর পক্ষে কাজ না করে শৃঙ্খলা ভঙ্গ করেছেন। দল কাউকে ছাড় দেবে না। সবাইকে সতর্ক করতেই পুরো কমিটির কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।”










