Home নির্বাচন দিরাইয়ে জামায়াত প্রার্থী শিশির মনিরের গাড়িতে হামলা

দিরাইয়ে জামায়াত প্রার্থী শিশির মনিরের গাড়িতে হামলা

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, সুনামগঞ্জ: সুনামগঞ্জের দিরাই উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শিশির মনিরের নির্বাচনী প্রচার গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কাদিরপুর এলাকায় একদল যুবক এই হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।

ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় অ্যাডভোকেট শিশির মনিরের সমর্থনে একটি প্রচার গাড়ি কাদিরপুর এলাকায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছিল। এ সময় মোটরসাইকেলে করে আসা একদল যুবক অতর্কিতভাবে গাড়িটির ওপর চড়াও হয় এবং ব্যাপক ভাঙচুর চালায়।

হামলায় প্রচার গাড়িতে থাকা অন্তত দুইজন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রাকিবুল হাসান রাসেল জানান, “হামলার খবর পেয়ে আমরা বিস্তারিত খোঁজখবর নিচ্ছি। বিষয়টি তদন্তাধীন এবং এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

নির্বাচনী প্রচারণায় এমন সহিংসতার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এই হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে।