Home নির্বাচন প্রশাসনকে ‘৫ আগস্টের’ হুঁশিয়ারি হাসনাত আবদুল্লাহর

প্রশাসনকে ‘৫ আগস্টের’ হুঁশিয়ারি হাসনাত আবদুল্লাহর

হাসনাত আব্দুল্লাহ
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: নবীনগরে ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী আমজাদ হোসাইন আশরাফীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ প্রশাসন ও গণমাধ্যমকে কঠোর হুঁশিয়ারি প্রদান করেছেন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে আয়োজিত এই জনসভায় হাসনাত আবদুল্লাহ বলেন, “আপনারা যদি জনগণের বিরুদ্ধে অবস্থান নেন, তবে বাংলাদেশে আবারও ৫ আগস্টের মতো পরিস্থিতি ফিরে আসবে। ভোটচোরদের হাতে দেশ তুলে দিলে তারা আপনাদের সন্তানদের গুলি করে হত্যার নির্দেশ দেবে।”

হাসনাত আবদুল্লাহ বলেন, “আমাদের দায়বদ্ধতা কেবল সাধারণ জনগণের কাছে। আমরা কোনো চাঁদাবাজ বা মাদক সম্রাটের টাকা খাই না, তাই কারও কাছে আমাদের মাথানত করার প্রয়োজন নেই। কিছু করলে আমাদের জনগণের আদালতেই দাঁড়াতে হবে।” বিগত তিনটি নির্বাচনের অনিয়ম স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, “দিনের ভোট রাতে হওয়া এবং মৃত মানুষের ভোট দেওয়ার জবাব জনগণ ৫ আগস্ট দিয়েছে। এখন আপনাদের সিদ্ধান্ত নিতে হবে—৫০০-১০০০ টাকার বিনিময়ে একদিন ভালো থাকবেন, নাকি পাঁচ বছর দেশের মালিক হয়ে থাকবেন।”

বক্তব্যে তিনি কিছু গণমাধ্যমের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন, “কিছু নির্লজ্জ মিডিয়া গত ১৭ বছর একটি বিশেষ দলের বন্দনা করেছে এবং তারেক জিয়ার বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে। তারা এখন সুযোগ বুঝে ভিন্ন সুর ধরছে। আপনারা নিরপেক্ষ না হলে জনগণ আপনাদের লাল কার্ড দেখাবে।”

আগামী ১২ তারিখের নির্বাচন প্রসঙ্গে তিনি উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে বলেন, “আপনারা প্রতিদিন অন্তত ১০টি করে ভোট চাইবেন এবং উৎসবমুখর পরিবেশে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করবেন।”

সভায় সভাপতিত্ব করেন মোখলেছুর রহমান (আমির, উপজেলা জামায়াতে ইসলামী)। প্রধান বক্তা ছিলেন মো. মোবারক হোসেন (জেলা আমির, জামায়াতে ইসলামী) এবং বিশেষ অতিথি অ্যাডভোকেট আব্দুল বাতেন (নির্বাহী সদস্য, জামায়াতে ইসলামী)।