Home বিনোদন এবার স্যান্ডি সাহা! অভিনেতা সায়কের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

এবার স্যান্ডি সাহা! অভিনেতা সায়কের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

সায়ক এবং স্যান্ডি, ছবি- সোশাল মিডিয়া

বিনোদন ডেস্ক:

কলকাতা: অভিনেতা ও ইনফ্লুয়েন্সার সায়ক চক্রবর্তীকে ঘিরে বিতর্ক যেন থামছেই না। কয়েক দিন আগেই লীনা-পুত্র অর্ক গঙ্গোপাধ্যায় সায়কের বিরুদ্ধে এক শিশুশিল্পীকে যৌন হেনস্তার অভিযোগ তুলেছিলেন। সেই রেশ কাটতে না কাটতেই এবার সায়কের বিরুদ্ধে সরব হলেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার স্যান্ডি সাহা।
বন্ধুর বিরুদ্ধে যৌন নির্যাতনের যে বর্ণনা স্যান্ডি দিয়েছেন, তাতে হতবাক নেটপাড়া।
‘পৈশাচিক রূপ’ দেখেছিলেন স্যান্ডি: সম্প্রতি এক সাক্ষাৎকারে স্যান্ডি সাহা জানান, ঘটনাটি ২০২২ সালের। একটি ভিডিওর শুটিং করতে সায়কের বাড়িতে গিয়েছিলেন তিনি। সেখানে আরও অনেক ইনফ্লুয়েন্সার উপস্থিত ছিলেন। শুট শেষে পার্টির আয়োজন করা হয়। স্যান্ডির অভিযোগ, সবাই চলে যাওয়ার পর নেশার ঘোরে থাকা স্যান্ডির ওপর চড়াও হন সায়ক। প্রায় ৩০-৪০ মিনিট ধরে চলে এই নির্যাতন।
স্যান্ডির বিস্ফোরক বয়ান:

“ও আমাকে যৌনহেনস্তা করে। এমনকি সায়কের বাড়িতে থাকা একটি সেক্স টয় দিয়েও আমাকে নানাভাবে অত্যাচার করা হয়। আমার গায়ে কামড়ের দাগ ছিল। আমি ভাবতেও পারিনি বন্ধু হয়ে কেউ এমন করতে পারে।”

কেন এতদিন চুপ ছিলেন?
স্যান্ডি জানান, ঘটনার পর সায়ক ক্ষমা চেয়েছিলেন এবং তিনি ভেবেছিলেন নেশার ঘোরে হয়তো ভুল হয়েছে। তাই বিষয়টি প্রকাশ্যে আনেননি। কিন্তু সম্প্রতি এক শিশুশিল্পীকে হেনস্তার খবর সামনে আসতেই স্যান্ডি সিদ্ধান্ত নেন আর চুপ থাকা উচিত নয়। তাঁর কথায়, “আর চুপ থাকলে আরও অনেকে অসহায় মানুষ এই অত্যাচারের শিকার হতে পারে।”
প্রত্যক্ষদর্শীর বয়ান:
সেই রাতে স্যান্ডিকে উদ্ধার করতে যাওয়া তাঁর এক বন্ধুও সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন। তিনি দাবি করেন, সেদিন স্যান্ডিকে ৮-৯ বার ফোন করেও পাওয়া যায়নি। পরে স্যান্ডি যখন ঘর থেকে বেরিয়ে আসেন, তখন তাঁর জামার বোতাম ছেঁড়া ছিল এবং ঘাড়-গলায় কামড়ের ক্ষতচিহ্ন স্পষ্ট ছিল। এরপরই তাঁকে দ্রুত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।
চরম অস্বস্তিতে সায়ক:
পরপর দুটি গুরুতর অভিযোগে বিদ্ধ হয়ে বর্তমানে টলিপাড়ার চর্চার কেন্দ্রবিন্দুতে সায়ক চক্রবর্তী। যদিও এই অভিযোগের প্রেক্ষিতে সায়কের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।