Home রাজনীতি ট্রলারের ইঞ্জিন চুরি: কাঠগড়ায় সাবেক ছাত্রদল নেতা

ট্রলারের ইঞ্জিন চুরি: কাঠগড়ায় সাবেক ছাত্রদল নেতা

সংগৃহীত ছবি
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, বরগুনা: পাথরঘাটায় গভীর সমুদ্রে মাছ ধরার ট্রলারের ইঞ্জিন চুরির অভিযোগ উঠেছে চরদুয়ানী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি জসিম উদ্দীন মৃধার বিরুদ্ধে। সাড়ে চার লাখ টাকা মূল্যের এই ইঞ্জিনটি মাত্র ১১ হাজার টাকায় একটি ভাঙারি দোকানে বিক্রি করার সময় সিসিটিভি ফুটেজে তাকে শনাক্ত করা হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে পাথরঘাটা পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের তালতলা বাস স্ট্যান্ড এলাকার একটি ভাঙারি দোকান থেকে ইঞ্জিনটি জব্দ করা হয়।
ইঞ্জিনের মালিক আলমগীর খলিফা জানান, মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার চরদুয়ানি ইউনিয়নের খলিফারহাট বাজার থেকে ইঞ্জিনটি চুরি হয়। সকালে চুরির খবর পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন তিনি। একপর্যায়ে তালতলা বাস স্ট্যান্ডের একটি ভাঙারি দোকানে তার ইঞ্জিনটির সন্ধান পান। দোকানের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখা যায়, অভিযুক্ত জসিম মৃধা ইঞ্জিনটি বিক্রি করে টাকা নিয়ে যাচ্ছেন।
ভুক্তভোগী মালিক আক্ষেপ করে বলেন, “যে ইঞ্জিনটি আমি সাড়ে চার লাখ টাকায় কিনেছি, সেটি জসিম মৃধা মাত্র ১১ হাজার টাকায় বিক্রি করে দিয়েছেন।”
অভিযুক্ত জসিম উদ্দীন মৃধা চরদুয়ানী ইউনিয়নের দক্ষিণ জ্ঞানপাড়া গ্রামের সালাম মৃধার ছেলে। চুরির অভিযোগ অস্বীকার করে তিনি দাবি করেন: “এলাকার ছোট ভাইয়েরা একটি পরিত্যক্ত ইঞ্জিন বিক্রি করতে চেয়েছিল। তারা ছোট হওয়ায় দোকানদার কিনতে চাচ্ছিল না, তাই আমি শুধু বিক্রি করে দিয়েছি। আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য চুরির অপবাদ দেওয়া হচ্ছে।”
পাথরঘাটা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহেদ চৌধুরী জানান, বিষয়টি তারা অবগত হয়েছেন। ভুক্তভোগীকে মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে এবং মামলা হলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

businesstoday24.com-কে ফলো করুন এবং আপনার মূল্যবান মন্তব্য জানান।