Home চট্টগ্রাম মির্জাখীল দরবার অনুসারীদের ঈদ উদযাপন

মির্জাখীল দরবার অনুসারীদের ঈদ উদযাপন

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, সাতকানিয়া: সারাদেশে যখন ঈদের প্রস্তুতি চলছে, তখন সৌদি আরবসহ বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে মিল রেখে চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামের মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা আজ শুক্রবার পালন করছেন পবিত্র ঈদুল ফিতর। দীর্ঘ আড়াইশ বছরের ঐতিহ্য মেনে সাতকানিয়া উপজেলার মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা এই উৎসব উদযাপন করছেন।
শুক্রবার সকাল সাড়ে ৯টায় সাতকানিয়ার সোনাকানিয়া ইউনিয়নের মির্জাখীল দরবার শরীফের খানকাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন দরবারের বর্তমান সাজ্জাদানশীনের উত্তরাধিকারী ড. মাওলানা মুহাম্মদ মকছুদুর রহমান। নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
দরবার শরীফ সূত্রে জানা যায়, প্রায় ২৫০ বছর আগে হযরত মাওলানা মোখলেছুর রহমান জাহাঁগীর (ক.) এই ধারার প্রবর্তন করেন। তার ফতোয়া অনুযায়ী, পৃথিবীর যেকোনো প্রান্তে চাঁদ দেখা গেলে এবং তার নির্ভরযোগ্য সংবাদ পাওয়া গেলে রোজা রাখা ও ঈদ উদযাপন করা ওয়াজিব।
বর্তমানে সাজ্জাদানশীন হযরত শাহ জাহাঁগীর তাজুল আরেফীন (ক.)-এর তত্ত্বাবধানে এই নিয়ম বলবৎ রয়েছে। দরবার শরীফের সাহেবজাদা মোহাম্মদ মছুদুর রহমান জানান: “আমরা আমাদের পূর্বপুরুষ হযরত শাহ জাহাঁগীর শেখুল আরেফীন (ক.) থেকে শুরু করে বর্তমান সাজ্জাদানশীন পর্যন্ত সবার পদাঙ্ক অনুসরণ করে আসছি। বিশ্বের কোথাও চাঁদ দেখা গেলেই আমরা ধর্মীয় বিধান পালন করি।”
বিস্তৃতি: চট্টগ্রাম ছাড়িয়ে সারাদেশে
কেবল সাতকানিয়া নয়,  চট্টগ্রামের লোহাগাড়া, বাঁশখালী, পটিয়া, চন্দনাইশ ও আনোয়ারা উপজেলার অনেক গ্রামে আজ ঈদের আনন্দ বয়ে যাচ্ছে। এছাড়া দেশের বিভিন্ন প্রান্ত যেমন— ফেনী, কুমিল্লা, মুন্সীগঞ্জ, চাঁদপুর, সিলেট, বরিশাল এবং উত্তরের জেলাগুলোতেও মির্জাখীল দরবারের হাজার হাজার অনুসারী আজ ঈদ পালন করছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিবছরই তারা এভাবে একদিন আগে ঈদ পালন করেন। এটি এখন তাদের দীর্ঘদিনের লালিত ধর্মীয় সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ হয়ে দাঁড়িয়েছে।