বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: ইঞ্জিনিয়ারিং খাতের কোম্পানি বাংলাদেশ অটোকারস লিমিটেড বর্তমানে পুঁজিবাজারে এক বিস্ময়কর চরিত্র হয়ে দাঁড়িয়েছে। আজ ২৯ মার্চ ২০২৬ তারিখে দিনের সর্বোচ্চ দরবৃদ্ধি তালিকার এক নম্বরে। আর লেনদেন টপটুয়েন্টির ১৮ নম্বরে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ ( ডিএসই) র তথ্যানুযায়ী, শেয়ারটির দর প্রায় ১০% (১৬.৮০ টাকা) বেড়ে ১৮৫.২০ টাকায় পৌঁছেছে। কেবল তা নয় ১০ টাকা ফেসভ্যালুর শেয়ারটির বছরের সর্বনিম্ন দর ৮০ টাকা ২০ পয়সা থেকে এখানে উঠে এসেছে। কিন্তু কোম্পানির আর্থিক প্রতিবেদন ও মৌলিক সূচকগুলো বিশ্লেষণ করলে এই চড়া দামের পেছনে কোনো যৌক্তিক ভিত্তি খুঁজে পাওয়া দুষ্কর। যেখানে কোম্পানির ব্যবসা ও মুনাফায় কোনো উল্লেখযোগ্য পরিবর্তন নেই, সেখানে ৫২ সপ্তাহের রেঞ্জ ৮০.২০ টাকা থেকে ১৮৫.২০ টাকায় পৌঁছানো সাধারণ বিনিয়োগকারীদের জন্য বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে।
১. অবিশ্বাস্য পি/ই রেশিও এবং আয়ের দৈন্যদশা (Alarming Valuation)
বিনিয়োগের সাধারণ নিয়ম অনুযায়ী, কোনো শেয়ারের পি/ই রেশিও (P/E Ratio) ১৫-২০ এর উপরে গেলে তাকে ঝুঁকিপূর্ণ ধরা হয়। কিন্তু বাংলাদেশ অটোকারস-এর ক্ষেত্রে চিত্রটি আঁতকে ওঠার মতো।
অডিটেড পি/ই রেশিও (২৫ মার্চ ২০২৬): ৯৩৫.৫৬
Trailing P/E Ratio: ৯৯০.৫৯
EPS (২০২৫ অডিটেড): মাত্র ০.১৮ টাকা (১৮ পয়সা)।
বিশ্লেষণ: তথ্য অনুযায়ী, কোম্পানিটির অডিটেড ইপিএস হচ্ছে ০.১৮ টাকা এবং বাজার দর ১৮৫.২০ টাকা। এর মানে হলো, কোম্পানিটি ১ টাকা মুনাফা করলে সেই মুনাফার অংশীদার হতে একজন বিনিয়োগকারীকে ১০২৮.৮৮ টাকা বিনিয়োগ করতে হচ্ছে।
আদর্শ বিনিয়োগের ক্ষেত্রে পি/ই রেশিও ১৫-এর নিচে থাকাকে নিরাপদ মনে করা হয়। সেখানে ১০০০-এর উপরে পি/ই রেশিও থাকা মানে বিনিয়োগটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং অবাস্তব।
১৮ পয়সা আয় করা একটি শেয়ারের দাম ১৮৫ টাকা হওয়া বাজারের স্বাভাবিক গতিপ্রকৃতির বাইরে। এই ধরনের অস্বাভাবিক পি/ই রেশিও সাধারণত শেয়ার নিয়ে কারসাজির (Manipulation) ইঙ্গিত দেয়।
২. নামমাত্র লভ্যাংশ ও মূলধনের অভাব (Weak Financials)
কোম্পানিটি গত কয়েক বছর ধরে বি-ক্যাটাগরিতে (Category-B) কোনোমতে টিকে আছে। তাদের লভ্যাংশ প্রদানের হার অত্যন্ত হতাশাজনক।
লভ্যাংশ চিত্র: ২০২৫, ২০২৪ এবং ২০২৩—টানা তিন বছর তারা মাত্র ২% নগদ লভ্যাংশ দিয়েছে। অর্থাৎ ১০০ টাকার বিনিয়োগে বছর শেষে বিনিয়োগকারী পাচ্ছেন মাত্র ২০ পয়সা।
সংরক্ষিত তহবিলের ঘাটতি: কোম্পানির রিজার্ভ ও সারপ্লাস (Reserve & Surplus) বর্তমানে মাইনাস (-) ১১ মিলিয়ন টাকা। অর্থাৎ কোম্পানিটি বর্তমানে পুঞ্জীভূত লোকসানের বোঝা বয়ে বেড়াচ্ছে।
নিট সম্পদ মূল্য (NAV): শেয়ার প্রতি নিট সম্পদ যেখানে মাত্র ৭.৪৫ টাকা, সেখানে শেয়ারটি বিক্রি হচ্ছে ১৮৫.২০ টাকায়। অর্থাৎ বুক ভ্যালুর চেয়ে প্রায় ২৫ গুণ বেশি দামে শেয়ারটি লেনদেন হচ্ছে।
৩. মালিকানা ও বাজার মূলধন (Ownership and Size)
পরিশোধিত মূলধন: মাত্র ৪৩.২৬ মিলিয়ন টাকা। এই স্বল্প মূলধনী শেয়ার হওয়ার সুযোগ নিয়েই একটি চক্র বাজারে কৃত্রিম চাহিদা তৈরি করে দর বাড়াতে পারে।
উদ্যোক্তা মালিকানা: উদ্যোক্তা ও পরিচালকদের কাছে মাত্র ৩০.০৬% শেয়ার রয়েছে, যা বিএসইসি-র নির্ধারিত নূন্যতম সীমার ঠিক কাছাকাছি। অন্যদিকে সাধারণ পাবলিকের হাতে রয়েছে ৫৩.১৭% শেয়ার।