Home সারাদেশ ঠাকুরগাঁওয়ে চার শিশু হাম-রুবেলায় আক্রান্ত: স্বাস্থ্য বিভাগের সতর্কতা

ঠাকুরগাঁওয়ে চার শিশু হাম-রুবেলায় আক্রান্ত: স্বাস্থ্য বিভাগের সতর্কতা

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঠাকুরগাঁও:  নতুন করে চার শিশুর শরীরে হাম ও রুবেলা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে দুইজন হামে এবং দুইজন রুবেলায় ভুগছে। হঠাৎ এই সংক্রমণে স্থানীয় অভিভাবকদের মধ্যে কিছুটা উদ্বেগ দেখা দিলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে স্বাস্থ্য বিভাগ।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আক্রান্ত শিশুদের শরীরে তীব্র জ্বর, লালচে ফুসকুড়ি, কাশি এবং চোখ লাল হওয়ার মতো লক্ষণ দেখা দিয়েছে। চিকিৎসকরা বলছেন, হাম অত্যন্ত ছোঁয়াচে হওয়ায় এটি দ্রুত অন্যদের মাঝে ছড়িয়ে পড়তে পারে।

অন্যদিকে, রুবেলা শিশুদের জন্য সাধারণ মনে হলেও গর্ভবতী নারীদের জন্য এটি মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। সঠিক সময়ে চিকিৎসা না নিলে এটি নিউমোনিয়া বা ডায়রিয়ার মতো জটিলতা তৈরি করার ক্ষমতা রাখে।

বিশেষজ্ঞদের ধারণা, নিয়মিত টিকাদান কর্মসূচিতে অংশ না নেওয়া বা টিকা নিতে অনীহার কারণে এই ভাইরাসের প্রকোপ বাড়ছে। বিশেষ করে ২০১৮ সালের পর বড় কোনো টিকাদান ক্যাম্পেইন না হওয়াকে সংক্রমণের একটি কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। সম্প্রতি ছয়জন শিশুর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হলে চারজনের শরীরে এই ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হওয়া যায়।

ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ফিরোজ জামান জুয়েল জানান, পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালে ইতিমধ্যে চার শয্যার একটি আলাদা আইসোলেশন ইউনিট চালু করা হয়েছে। আক্রান্ত শিশুদের মধ্যে দুজন সুস্থ হয়ে বর্তমানে বাড়িতে অবস্থান করছে।

সিভিল সার্জন ডা. আনিছুর রহমান জানান, সংক্রমণ যেন ছড়িয়ে না পড়ে সেজন্য আক্রান্ত শিশুদের এলাকার ওপর বিশেষ নজরদারি রাখা হচ্ছে। তিনি আরও জানান, শিশুদের এমআর (হাম-রুবেলা) টিকা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। কোনো শিশুর শরীরে জ্বর বা ফুসকুড়ি দেখা দিলে আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার এবং আক্রান্ত শিশুকে আলাদা রাখার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

নিয়মিত আপডেট পেতে businesstoday24.com ফলো করুন এবং আপনার মূল্যবান মন্তব্য জানান।