বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চট্টগ্রাম: দেশের শিপ রিসাইক্লিং শিল্পের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা এবং এই খাতের টেকসই অগ্রযাত্রা অব্যাহত রাখতে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার।
শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামের মেহেদীবাগে নিজ বাসভবনে বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশন (বিএসবিআরএ)-এর নেতৃবৃন্দের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই আশ্বাস প্রদান করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী জনাব আমীর খসরু মাহমুদ।
বৈঠকে বিএসবিআরএ’র প্রশাসক আবু সাফায়েত মোহাম্মদ সাহেদুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা পরিষদ ও সহায়ক কমিটির সদস্য শওকত আলী চৌধুরী, লিয়াকত আলী চৌধুরী, মোহাম্মদ জহিরুল ইসলাম রিংকু, মাষ্টার আবুল কাশেম, তসলিম উদ্দিন এবং সংগঠনের ভারপ্রাপ্ত সচিব নাজমুল ইসলাম।
সাক্ষাৎকালে নেতৃবৃন্দ দেশের শিপ রিসাইক্লিং খাতের বর্তমান পরিস্থিতি, ভবিষ্যৎ সম্ভাবনা এবং শিল্প পরিচালনার ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন প্রতিবন্ধকতা সম্পর্কে মন্ত্রীকে বিস্তারিত অবহিত করেন।
আলোচনায় উঠে আসে যে, বাংলাদেশ বর্তমানে ‘গ্রিন ইয়ার্ড’ বা পরিবেশবান্ধব জাহাজ পুন:প্রক্রিয়াজাতকরণ শিল্পে বিশ্বজুড়ে রোল মডেল হিসেবে আবির্ভূত হয়েছে। প্রতিনিধি দল জানান, আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে হংকং কনভেনশন অনুযায়ী জাহাজ ভাঙার কার্যক্রম পরিচালিত হচ্ছে, যা বিশ্ববাজারে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে।
মাননীয় মন্ত্রী শিপ রিসাইক্লিং শিল্পের এই অর্জনে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, জাতীয় অর্থনীতিতে এই খাতের অবদান অপরিসীম। বিশেষ করে পরিবেশবান্ধব শিল্পায়নে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করতে সরকার প্রয়োজনীয় সব ধরনের নীতিগত সহায়তা প্রদান করবে। শিল্পের সমস্যাগুলো দ্রুত সমাধানের লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়েও তিনি নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন।
সংশ্লিষ্ট মহলের ধারণা, সরকারের এই ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও সহযোগিতার ফলে দেশের শিপ রিসাইক্লিং শিল্প আরও গতিশীল হবে এবং বিশ্ববাজারে বাংলাদেশের নেতৃত্ব দানকারী অবস্থান দীর্ঘস্থায়ী হবে।
দেশের ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতির সর্বশেষ খবরের জন্য businesstoday24.com ফলো করুন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের জানান।