Home সারাদেশ প্রেমের টানে সুদূর চীন থেকে রাজবাড়ীতে: বিয়ে ও অতঃপর

প্রেমের টানে সুদূর চীন থেকে রাজবাড়ীতে: বিয়ে ও অতঃপর

ছবি সংগৃহীত
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, রাজবাড়ী: সোশ্যাল মিডিয়ার সীমানা পেরিয়ে এবার প্রেমের টানে চীন থেকে রাজবাড়ীতে ছুটে এলেন ৪৬ বছর বয়সী চীনা যুবক ঝং কেজুন। রাজবাড়ী পৌরসভার বিনোদপুর গ্রামের অটোচালক বাবু খানের মেয়ে ২১ বছর বয়সী রুমা খাতুনের প্রেমে পড়ে দেশান্তরী হওয়া এই যুবকের বিয়ে ও পরবর্তী জীবন এখন জেলাজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু।
জানা গেছে, এক বছর আগে চীনের জনপ্রিয় প্ল্যাটফর্ম ‘লিটল রেড বুক’-এ রুমার সঙ্গে পরিচয় হয় ঝং কেজুনের। সেই পরিচয় থেকে প্রণয়, আর প্রণয়কে পরিণয়ে রূপ দিতে গত ২ সেপ্টেম্বর চীন থেকে সরাসরি রাজবাড়ীতে আসেন তিনি।
শুরুতে রুমার পরিবার এই বিয়েতে সায় না দিলেও, পরে দুই পরিবারের সম্মতিতে রাজবাড়ী নোটারি পাবলিকের মাধ্যমে তাদের আইনি বিয়ে সম্পন্ন হয়। পরবর্তীতে ধর্মীয় রীতি মেনে মসজিদের ইমামের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করেন তারা।
বিয়ের পর কিছুদিন রাজবাড়ীতে শ্বশুরবাড়িতে অবস্থান করে নিজ দেশে ফিরে যান ঝং কেজুন। তবে স্ত্রীর টানে সম্প্রতি শবেবরাতের আগেও একবার বাংলাদেশে এসে সপ্তাহখানেক কাটিয়ে গেছেন তিনি। বর্তমানে ঝং কেজুন চীনে থাকলেও প্রতি মাসে স্ত্রী রুমার হাত খরচ বাবদ দুই হাজার টাকা করে পাঠাচ্ছেন বলে জানা গেছে।
রুমার বাবা বাবু খান এই বিয়ে নিয়ে কিছুটা ক্ষোভ প্রকাশ করে জানান, মেয়ের ইচ্ছার কথা বিবেচনা করে তিনি বিয়েতে রাজি হয়েছিলেন, তবে এ বিষয়ে তিনি খুব একটা খোঁজখবর রাখছেন না।
অন্যদিকে রুমার মা আমেনা বেগম জানান, জামাই চীনে থাকলেও নিয়মিত যোগাযোগ রাখছেন এবং হাত খরচের টাকা পাঠাচ্ছেন। তবে নিজের বৈবাহিক জীবন ও বর্তমান অনুভূতি নিয়ে এখনই জনসমক্ষে মুখ খুলতে নারাজ খোদ কনে রুমা খাতুন।
ভিন্ন সংস্কৃতি ও ভৌগোলিক দূরত্ব ঘুচিয়ে এই আন্তঃদেশীয় প্রেম এখন বিনোদপুর ছাড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সাড়া ফেলেছে।
আরও খবরের জন্য businesstoday24.com ফলো করুন এবং এই প্রতিবেদনটি নিয়ে আপনার মতামত মন্তব্য করে আমাদের জানান।