বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চট্টগ্রাম: বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) সর্বাধুনিক জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি চলাকালীনও হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি পায়নি। এর ফলে গত ৪০ দিন ধরে উত্তপ্ত এই অঞ্চলে অবস্থান করা জাহাজটি বর্তমানে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথের প্রবেশমুখে আটকা পড়ে আছে।
আজ শুক্রবার (১০ এপ্রিল) সকালে জাহাজটি প্রণালী অতিক্রমের আবেদন জানালে ইরানের পক্ষ থেকে তা নাকচ করে দেওয়া হয়।
বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক এই সংবাদের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন যে, ইরানি নির্দেশনা মেনেই ট্রানজিট ক্লিয়ারেন্স চাওয়া হয়েছিল, কিন্তু তারা সেটি প্রত্যাখ্যান করেছে।
জাহাজটিকে নিকটস্থ নিরাপদ কোনো বন্দরে ফিরে গিয়ে পুনরায় অনুমতির জন্য অপেক্ষা করতে হতে পারে। বর্তমানে জাহাজটির সুরক্ষা নিশ্চিত করতে কূটনৈতিক পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে।
জাহাজটিতে মোট ৩১ জন ক্রু রয়েছেন। জাহাজ কর্তৃপক্ষের দেওয়া তথ্যমতে, তাদের জন্য পর্যাপ্ত খাবার মজুদ রয়েছে। এছাড়া জাহাজে প্রতিদিন ১৮ টন সুপেয় পানি উৎপাদনের সক্ষমতা থাকলেও বর্তমানে ইঞ্জিন সাশ্রয় করতে পানির ব্যবহার দিনে ৬ টনে সীমাবদ্ধ রাখা হয়েছে।
উদ্ভূত পরিস্থিতিতে ক্রুদের মনোবল চাঙ্গা রাখতে তাদের দৈনিক খাবার ভাতা ৭ ডলার থেকে বাড়িয়ে ১২ ডলার করা হয়েছে এবং মূল বেতনের সমপরিমাণ অতিরিক্ত ‘ওয়ার অ্যালাউন্স’ প্রদান করা হচ্ছে।
গত ২ ফেব্রুয়ারি ভারত থেকে হরমোজ প্রণালী হয়ে পারস্য উপসাগরে প্রবেশ করেছিল বাংলার জয়যাত্রা। এরপর কাতার ও সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে কার্যক্রম শেষে জাহাজটি কুয়েত যাওয়ার কথা থাকলেও নিরাপত্তা ঝুঁকিতে বিএসসি তাকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয়।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া আঞ্চলিক সংঘাত ও পরবর্তীতে গত বুধবার (৮ এপ্রিল) সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে যাত্রা শুরু করেও জাহাজটি শেষ পর্যন্ত বাধার মুখে পড়ল।