ভারতীয় সংগীত জগতের নক্ষত্র, প্রখ্যাত প্লেব্যাক গায়িকা আশা ভোঁসলে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার, ১১ এপ্রিল আকস্মিকভাবে অসুস্থ বোধ করলে ৯৩ বছর বয়সী এই শিল্পীকে দ্রুত মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল সার্ভিসেস (ইএমএস) ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।
চিকিৎসক প্রতিত সামদানির তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, তাঁর শারীরিক অবস্থার ওপর কড়া নজর রাখা হচ্ছে। বর্ষীয়ান এই গায়িকার অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা শুরু করেছেন দেশ-বিদেশের লক্ষ লক্ষ ভক্ত ও সংগীতানুরাগী।
আট দশকের দীর্ঘ কর্মজীবনে ১২ হাজারের বেশি গান গেয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলেছেন আশা ভোঁসলে। ১৯৪৩ সালে মারাঠি চলচ্চিত্র ‘মাঝা বাল’-এর মাধ্যমে যাত্রা শুরু করে পপ, গজল, ভজন থেকে শুরু করে শাস্ত্রীয় সংগীত—সবক্ষেত্রেই তিনি নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন। ৯০ বছর বয়সেও মঞ্চে টানা তিন ঘণ্টা দাঁড়িয়ে গান গেয়ে তিনি তাক লাগিয়ে দিয়েছিলেন সবাইকে।
সম্প্রতি বিশ্বখ্যাত র্যাপার কানিয়ে ওয়েস্টের অ্যালবামেও তাঁর গানের নমুনা ব্যবহৃত হয়েছে, যা বিশ্বসংগীতে তাঁর চিরন্তন প্রভাবের পরিচয় দেয়। লতা মঙ্গেশকরের ছোট বোন এবং আর ডি বর্মণের জীবনসঙ্গিনী এই কিংবদন্তির স্বাস্থ্যের সর্বশেষ আপডেটের অপেক্ষায় প্রহর গুনছে গোটা ভারত।