যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি ভঙ্গ করলে ইরানও দাঁতভাঙ্গা জবাব দেবে: রাষ্ট্রদূত জলিল রাহিমি
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে পারস্য উপসাগরের হরমুজ প্রণালীতে আটকে পড়া বাংলাদেশী জাহাজগুলো দ্রুতই পারাপারের সুযোগ পাবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদি।
আজ ১২ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় বিপ্লবী ছাত্র পরিষদ আয়োজিত এক শোক সমাবেশ ও যুদ্ধাপরাধ বিরোধী প্রদর্শনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
রাষ্ট্রদূত জাহানাবাদি জানান, বাংলাদেশী জাহাজগুলোর নিরাপদ পারাপার নিশ্চিত করতে ইরান সরকার ঢাকাকে সব ধরনের সহযোগিতা করবে। বাংলাদেশ সরকারের সাথে আলোচনার মাধ্যমে এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে উল্লেখ করে তিনি বলেন, ইরান বাংলাদেশকে একটি ভ্রাতৃপ্রতিম রাষ্ট্র হিসেবে গণ্য করে এবং দুই দেশের মধ্যে অত্যন্ত চমৎকার সম্পর্ক বিদ্যমান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ইরানের শহীদ শিক্ষার্থীদের স্মরণ: মার্কিন-ইসরায়েলি যুদ্ধাপরাধের বিচার ও জবাবদিহিতার দাবি’ শীর্ষক এই অনুষ্ঠানে রাষ্ট্রদূত ইরানের ওপর মার্কিন ও ইসরায়েলি হামলার তীব্র সমালোচনা করেন।
তিনি অভিযোগ করেন, ওয়াশিংটন ও তেল আবিব শান্তি চায় না বলেই ইরানের হাসপাতাল, স্কুল এবং বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়ে নিরীহ সাধারণ মানুষকে হত্যা করছে।
আলোচনা প্রসঙ্গে তিনি জানান, পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সাথে ইরানের আলোচনা চলছে এবং সম্মানের ভিত্তিতেই ইরান এই প্রক্রিয়ায় যুক্ত হতে আগ্রহী। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন, যুদ্ধবিরতি চলাকালীন ইরান কোনো হামলা চালাবে না, কিন্তু যুক্তরাষ্ট্র যদি যুদ্ধবিরতি অমান্য করে তবে ইরানও তার দাঁতভাঙ্গা জবাব দিতে বাধ্য হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খমেনি এহসান উপস্থিত ছিলেন। কর্মসূচির অংশ হিসেবে প্রতীকী কফিন, রক্তমাখা স্কুল ব্যাগ এবং স্থিরচিত্র প্রদর্শনীর মাধ্যমে ইরানে নিহত শিশুদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এছাড়া সাধারণ শিক্ষার্থীরা লাল কালিতে হাতের ছাপ দিয়ে এবং গণস্বাক্ষর কর্মসূচিতে অংশ নিয়ে মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সংহতি প্রকাশ করেন। আয়োজকরা জানিয়েছেন, সংগৃহীত এই গণস্বাক্ষর সম্বলিত স্মারকলিপি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোতে পাঠানো হবে।
businesstoday24.com ফলো করুন এবং আপনার মূল্যবান মন্তব্য জানান।









