Home First Lead জ্বালানি তেলের দাম বাড়লো

জ্বালানি তেলের দাম বাড়লো

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ করেছে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে শনিবার (১৮ এপ্রিল ২০২৪) এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নতুন দাম ঘোষণা করা হয়। নতুন এই দর ১৯ এপ্রিল ২০২৪ থেকে কার্যকর হবে।
নতুন নির্ধারিত মূল্য তালিকা
ভোক্তা পর্যায়ে প্রতি লিটার জ্বালানি তেলের নতুন দাম নিচে দেওয়া হলো:
১. অকটেন: ১৪০.০০ টাকা
২. পেট্রোল: ১৩৫.০০ টাকা।
৩. ডিজেল: ১১৫.০০ টাকা।
৪. কেরোসিন: ১৩০.০০ টাকা।
মন্ত্রণালয়ের অপারেশন-১ শাখার প্রজ্ঞাপন অনুযায়ী, গত ৩১ মার্চ ২০২৪ তারিখে জারিকৃত মূল্য কাঠামোর পরিবর্তন এনে এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে। প্রজ্ঞাপনে জানানো হয়েছে যে, ডিপোর ৪০ কিলোমিটারের অতিরিক্ত দূরত্বের ক্ষেত্রে সড়কপথে ট্যাংক লরিযোগে জ্বালানি তেল পরিবহনের ভাড়া পূর্বের নির্ধারিত নিয়মেই (২৬ সেপ্টেম্বর ২০২৩ তারিখের প্রজ্ঞাপন অনুযায়ী) কার্যকর থাকবে।
প্রকাশিত গেজেটে পেট্রোলিয়াম পণ্যের বিস্তারিত মূল্য কাঠামো (সংযোজনী-ক) তুলে ধরা হয়েছে। এতে দেখা যায়, ডিলার বা এজেন্টদের কমিশন এবং স্থানীয় পরিবহন খরচসহ ভোক্তা পর্যায়ে খুচরা মূল্য চূড়ান্ত করা হয়েছে। মূলত আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রেখে এবং অভ্যন্তরীণ সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে সরকার নিয়মিত এই মূল্য সমন্বয় করছে।
দেশের প্রধান প্রধান জ্বালানি তেল ডিপো যেমন—ফতুল্লা, ঢাকা ইমার্জেন্সি ফুয়েল ডিপো, বাঘাবাড়ী, দৌলতপুরসহ সারাদেশে এই নতুন নির্ধারিত মূল্যে জ্বালানি সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

নিয়মিত আপডেট পেতে businesstoday24.com ফলো করুন