Home জাতীয় বাংলাদেশ ও ইতালির দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ

বাংলাদেশ ও ইতালির দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশ ও ইতালির মধ্যে নিরাপদ অভিবাসন এবং অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বৈঠক করেছেন ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো। মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী ইতালিকে ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার হিসেবে উল্লেখ করেন। তিনি জানান যে, ইতালিতে বসবাসরত বাংলাদেশিরা রেমিট্যান্সের মাধ্যমে দেশের অর্থনীতিতে বড় অবদান রাখছেন, যা দুই দেশের সম্পর্ককে বিশেষ উচ্চতায় নিয়ে গেছে।
বৈঠকে ইতালির রাষ্ট্রদূত জানান, দেশটির বর্তমান সরকার নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে এবং অবৈধ অভিবাসন প্রতিরোধে অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। আগামী জুন মাস থেকে ইতালিতে নতুন অভিবাসন নীতি কার্যকর হতে যাচ্ছে, যার ফলে দক্ষ কর্মীদের বৈধভাবে যাওয়ার পথ আরও সুগম হবে এবং অবৈধ অভিবাসীদের প্রত্যাবাসন প্রক্রিয়া দ্রুততর হবে।
দুই দেশের মধ্যে দক্ষ কর্মী পাঠানোর বিষয়ে গত জুলাইয়ে বাংলাদেশে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল। রাষ্ট্রদূত জানান, এই গ্রুপের পরবর্তী সভা ইতালিতে অনুষ্ঠিত হবে। এছাড়া বৈঠকে আইনশৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা ইস্যু এবং দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। রাষ্ট্রদূত ইতালির ইন্টেরিয়র মিনিস্টারের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীকে ইতালি সফরের আমন্ত্রণ জানান এবং মন্ত্রী সুবিধাজনক সময়ে দেশটিতে সফরের কথা জানান।
সাক্ষাৎকালে উভয় দেশের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই আলোচনার মাধ্যমে বাংলাদেশ ও ইতালির বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও সুসংহত হওয়ার পথ প্রশস্ত হলো।