Home চট্টগ্রাম মে মাসের মাঝামাঝি কমবে জলাবদ্ধতা: চসিক মেয়র

মে মাসের মাঝামাঝি কমবে জলাবদ্ধতা: চসিক মেয়র

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চট্টগ্রাম:
চট্টগ্রাম নগরীর চলমান জলাবদ্ধতা নিয়ে আশার কথা শুনিয়েছেন সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। মঙ্গলবার (২৮ এপ্রিল)  মুরাদপুর, কাতালগঞ্জ ও প্রবর্তক মোড়সহ বিভিন্ন প্লাবিত এলাকা পরিদর্শনকালে তিনি জানান, খাল সংস্কারের চলমান কাজের কারণেই নগরবাসী বর্তমানে সাময়িক দুর্ভোগ পোহাচ্ছেন।
পরিদর্শনকালে মেয়র হিজরা খাল ও জামালখান খালসহ বিভিন্ন খালের সংস্কারকাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেন। তিনি বলেন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় খালগুলোতে সংস্কারকাজ চলায় পানি প্রবাহে সাময়িক বাধা সৃষ্টি হচ্ছে। তবে এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হবে না।
মেয়র ডা. শাহাদাত আশা প্রকাশ করেন যে, আগামী ১৫ মের মধ্যে সিডিএর চলমান সংস্কারকাজ শেষ হবে। কাজ শেষ হলে পানি নিষ্কাশন ব্যবস্থা অনেক বেশি কার্যকর হবে। তিনি আরও যোগ করেন, সংশ্লিষ্ট সকল সংস্থার সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে এবারের বর্ষা মৌসুমে নগরীর প্রায় ৭০ থেকে ৮০ শতাংশ জলাবদ্ধতা নিরসন করা সম্ভব হবে।
এ সময় মেয়রের সঙ্গে চসিকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রকৌশলীরা উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার আশ্বাস দেন।

আরও খবরের জন্য businesstoday24.com ফলো করুন