Home সারাদেশ চৌদ্দগ্রামে বাড়ি ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

চৌদ্দগ্রামে বাড়ি ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

আনোয়ার হোসেন নয়ন

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, কুমিল্লা: চৌদ্দগ্রামে আনোয়ার হোসেন নয়ন (৩৫) নামে এক পান ও জুতা ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার দক্ষিণ বেতিয়ারা মসজিদের সামনে এই বর্বরোচিত ঘটনা ঘটে।

নিহত নয়ন দক্ষিণ বেতিয়ারা গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে। তিনি স্থানীয় গাংরা বাজারের একজন পরিচিত ব্যবসায়ী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন নয়ন। পথিমধ্যে মসজিদের সামনে একদল দুর্বৃত্ত তার গতিরোধ করে এবং দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহতের বোন কহিনুর আক্তার জানান, নয়নের অকাল মৃত্যুতে পুরো পরিবার এখন অভিভাবকহীন হয়ে পড়েছে। তারা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেছেন।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জায়গা সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।