Home চট্টগ্রাম ষোলশহরে ফুটপাতে জ্বলন্ত চুল্লি ও উত্তপ্ত হাঁড়ি: ঝুঁকিতে পথচারী

ষোলশহরে ফুটপাতে জ্বলন্ত চুল্লি ও উত্তপ্ত হাঁড়ি: ঝুঁকিতে পথচারী

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চট্টগ্রাম: মহানগরীর ব্যস্ততম এলাকা ষোলশহর মার্কেটের সামনে ফুটপাত দখল করে অত্যন্ত বিপজ্জনকভাবে খাবারের ব্যবসা চালাচ্ছে ‘সাদিয়া’স কিচেন’ নামক একটি ভোজনালয়। ফুটপাতে  রাখা হয়েছে বড় বড় উত্তপ্ত হাঁড়ি, আর তার নিচেই জ্বলছে আগুনের চুল্লি। দোকানের এমন বেপরোয়া ও দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ডে প্রতিদিন চরম ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন হাজারো পথচারী।

সরেজমিনে দেখা যায়, ব্যস্ত এই ফুটপাতের একেবারে কিনারে বিশাল আকৃতির ডেকচি ও হাঁড়িগুলো বসানো হয়েছে। খাবার সারাক্ষণ গরম রাখতে হাঁড়িগুলোর ঠিক নিচেই জ্বলছে গ্যাসের চুল্লি। পথচারীদের হাঁটাচলার জায়গায় এভাবে আগুন ও গরম হাঁড়ি রেখে দেওয়ায় সামান্য অসতর্কতায় ঘটছে দুর্ঘটনা। যাতায়াত করতে গিয়ে অনেকেই ছ্যাঁকা খাচ্ছেন, পুড়ছে জামাকাপড়। বিশেষ করে শিশু, বৃদ্ধ এবং ভিড়ের মধ্যে চলাচলকারী নারীদের জন্য এই স্থানটি এখন এক মূর্তিমান আতঙ্ক।

সাধারণ পথচারীদের অভিযোগ, জনবহুল এই এলাকায় যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। যদি ভিড়ের চাপে কেউ ওই উত্তপ্ত হাঁড়ি বা জ্বলন্ত চুল্লির ওপর হুমড়ি খেয়ে পড়েন, তবে তার ফলাফল হবে ভয়াবহ। ফুটপাত জনগণের চলাচলের জন্য হলেও সাদিয়া’স কিচেন কর্তৃপক্ষ তা নিজেদের রান্নাঘর হিসেবে ব্যবহার করছে, যা স্পষ্টত আইনবিরুদ্ধ।

স্থানীয় সচেতন মহলের প্রশ্ন, প্রশাসনের চোখের সামনে এভাবে সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলার সাহস তারা কোথায় পায়? কর্তৃপক্ষের এই উদাসীনতা ও বেপরোয়া ভাব বড় কোনো ট্র্যাজেডির ইঙ্গিত দিচ্ছে। অনতিবিলম্বে এই অবৈধ ও বিপজ্জনক চুল্লি অপসারণ করে জননিরাপত্তা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন ও আইন প্রয়োগকারী সংস্থার কঠোর হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী নগরবাসী।

ফুটপাতকে নিরাপদ করতে এবং সাদিয়া’স কিচেনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে আর কোনো দুর্ঘটনার অপেক্ষা করা সমীচীন হবে না।


 businesstoday24.com ফলো করুন এবং আপনার মূল্যবান মন্তব্য নিচে শেয়ার করুন।