Home সারাদেশ রামগড়ে ওপেন হাউজ ডে ও মতবিনিময় সভা

রামগড়ে ওপেন হাউজ ডে ও মতবিনিময় সভা

ছবি সংগৃহীত

 অপরাধ দমনে জনসচেতনতার ডাক

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, রামগড়: রামগড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ এবং পুলিশ-জনগণের সমন্বিত উদ্যোগ জোরদারের লক্ষ্যে গতকাল শনিবার মাসিক ওপেন হাউজ ডে ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

রামগড় থানা পুলিশের আয়োজনে থানার সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজির আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মিঃ ওবাইন (পিপিএম)।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, “শুধু পুলিশের একার পক্ষে অপরাধ দমন করা সম্ভব নয়। মাদক, চোরাচালান, জুয়া ও কিশোর অপরাধ প্রতিরোধে সমাজের প্রতিটি মানুষকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।” আইনশৃঙ্খলা রক্ষায় তিনি জনগণকে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহমেদ ভূঁইয়া, রামগড় পৌর বিএনপির সভাপতি মোঃ বাহার উদ্দিন, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, উপজেলা এনসিপি’র প্রধান সমন্বয়ক মোঃ হারুনুর রশীদ এবং রামগড় প্রেস ক্লাবের সভাপতি মোঃ নিজাম উদ্দিন লাভলু।

আলোচনায় বক্তারা উপজেলার বিভিন্ন সামাজিক সমস্যা, মাদকের বিস্তার, সীমান্ত এলাকায় চোরাচালান, জুয়া, ইভটিজিং ও কিশোর অপরাধ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং এসব প্রতিরোধে প্রশাসনের আরও কার্যকর ও কঠোর ভূমিকা কামনা করেন। তারা উল্লেখ করেন, সমাজে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা ও নিয়মিত যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের ওপেন হাউজ ডে জনসাধারণের সমস্যা তুলে ধরার পাশাপাশি তাৎক্ষণিক সমাধানের ক্ষেত্র তৈরি করে।

সভা শেষে উপস্থিত জনসাধারণের বিভিন্ন অভিযোগ ও সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সেগুলো দ্রুত সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন পুলিশ প্রশাসন।

পাঠক, রামগড়ের এই উদ্যোগ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আপনার মূল্যবান মতামত কি? মন্তব্য করে আমাদের জানান।  businesstoday24.com ফলো করুন।