আরাফাত প্রান্তর, মক্কা শরিফ: “লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হাম্দা ওয়ান নি’মাতা লাকা ওয়াল মুল্ক, লা শারিকা লাক”— এই পবিত্র ও আকুল করা তাওহীদি ধ্বনিতে মুখরিত এখন ঐতিহাসিক আরাফাতের ময়দান। আজ মঙ্গলবার পবিত্র হজের মূল দিন। বিশ্ব চরাচরের সমস্ত গৌরব ও প্রশংসা মহান আল্লাহর চরণে সঁপে দিয়ে পাপমুক্তি আর আত্মশুদ্ধির ব্যাকুল বাসনায় এক অলৌকিক পুণ্যময় শুভ্রতায় মেতে উঠেছেন বিশ্বের লাখ লাখ মুসলমান।

পবিত্র মসজিদুল হারাম থেকে প্রায় দশ কিলোমিটার অদূরের তাঁবুর শহর মিনায় গতকাল সারা দিন ও রাত কাটানোর পর আজ সূর্যোদয়ের সাথে সাথেই শুরু হয় হাজিদের আরাফাতমুখী যাত্রা। বাস, বিভিন্ন যানবাহন কিংবা পায়ে হেঁটে লাখো হাজির কাফেলা পৌঁছে গেছে চার বর্গমাইলের এই আদিগন্ত মরু প্রান্তরে।
এ বছর বিশ্বের ২০ লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমান এই মহাসম্মিলনে অংশ নিয়েছেন, যার মধ্যে বাংলাদেশের হজযাত্রীর সংখ্যা ৭৮ হাজারেরও বেশি। সফেদ-শুভ্র দুই খণ্ড ইহরামের কাপড়ে আবৃত হাজিদের উপস্থিতিতে গোটা আরাফাত ময়দান যেন এক জান্নাতি আবহে রূপ নিয়েছে। যেদিকে চোখ যায়, শুধু সাদা আর সাদার মেলা।










