Home First Lead ২০২৬-২৭ অর্থবছরের বাজেট: করমুক্ত আয়সীমা বেড়ে পৌনে ৪ লাখ

২০২৬-২৭ অর্থবছরের বাজেট: করমুক্ত আয়সীমা বেড়ে পৌনে ৪ লাখ

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ বৃহস্পতিবার বেলা ৩টায় শুরু হওয়া বাজেট বক্তৃতায় ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য একটি বড় সুখবর এসেছে। সাধারণ করদাতাদের জন্য বার্ষিক করমুক্ত আয়ের সীমা বর্তমানের সাড়ে ৩ লাখ টাকা থেকে বাড়িয়ে ৩ লাখ ৭৫ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে। এবারের বাজেটের একটি বিশেষ দিক হলো, করদাতাদের দীর্ঘমেয়াদি আর্থিক পরিকল্পনার সুবিধার্থে আগামী পাঁচ বছরের একটি ধারাবাহিক রূপরেখা প্রকাশ করা হয়েছে।
এই পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুযায়ী, ২০২৬-২৭ এবং ২০২৭-২৮ অর্থবছরে করমুক্ত আয়ের সর্বোচ্চ সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকাই থাকবে। তবে পরবর্তী দুই অর্থবছর অর্থাৎ ২০২৮-২৯ ও ২০২৯-৩০-এ এই সীমা বৃদ্ধি পেয়ে ৪ লাখ টাকায় দাঁড়াবে। আর ২০৩০-৩১ অর্থবছরে সাধারণ করদাতাদের জন্য করমুক্ত আয়ের সীমা ৪ লাখ ৫০ হাজার টাকায় উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।
নারী ও প্রবীণ নাগরিকদের জন্য কর ছাড়ের পরিধি আরও বাড়ানো হয়েছে। নারী করদাতা এবং ৬৫ বছরের বেশি বয়সী নাগরিকদের ক্ষেত্রে করমুক্ত আয়ের সীমা নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ২৫ হাজার টাকা। এছাড়া তৃতীয় লিঙ্গের ব্যক্তি ও প্রতিবন্ধী করদাতারা বছরে ৫ লাখ টাকা পর্যন্ত আয়ের ওপর কর মওকুফ সুবিধা পাবেন। একই সাথে দেশের জন্য আত্মত্যাগকারী জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের জন্য বাজেটে বিশেষ কর সুবিধা রাখার প্রস্তাব করা হয়েছে।
নিয়মিত এমন গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে businesstoday24.com ফলো করুন এবং এই বাজেট পরিকল্পনা নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে আমাদের সাথে শেয়ার করুন।