বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের ঠিক আগ মুহূর্তে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের জেদ্দাগামী একটি ফ্লাইট বাতিল করা হয়েছে। এ সময় উড়োজাহাজটির চাকার কাছ থেকে ধোঁয়া বের হতে দেখে যাত্রীদের মধ্যে আগুনের আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে পাইলটের তাৎক্ষণিক সিদ্ধান্তে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে এবং চার শতাধিক যাত্রীকে নিরাপদে নামিয়ে আনা হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) বিকেল ৪টা ১০ মিনিটে ঢাকা থেকে সৌদি আরবের জেদ্দার উদ্দেশে ইউএস-বাংলার বিএস-৩৬১ ফ্লাইটটির উড্ডয়নের কথা ছিল।
বিমানবন্দর ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ফ্লাইটটি রানওয়েতে ওড়ার ঠিক আগ মুহূর্তে ককপিটে যান্ত্রিক ত্রুটির সংকেত পান পাইলট। তাৎক্ষণিকভাবে উড্ডয়ন বাতিল করে জরুরি ব্রেক কষলে রানওয়ে ও চাকার অতিরিক্ত ঘর্ষণে ধোঁয়ার সৃষ্টি হয়। এতে উড়োজাহাজে আগুন ধরেছে ভেবে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে কর্মীরা দ্রুত চাকায় পানি ঢেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং উড়োজাহাজটিকে পার্কিং এলাকায় নিয়ে চার শতাধিক যাত্রীকে নিরাপদে টার্মিনালে সরিয়ে নেওয়া হয়। এ ঘটনায় কেউ হতাহত হননি।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. রিয়াজ উদ্দিন এক বার্তায় জানান, ওড়ার আগে শেষ মুহূর্তে ফ্লাইটটির ক্যাপ্টেন উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি বুঝতে পেরে উড্ডয়ন না করার সিদ্ধান্ত নেন। তিনি স্পষ্ট করেন যে, এ ঘটনায় অগ্নিকাণ্ডের কোনো বিষয় জড়িত নয়; জরুরি ব্রেকিংয়ের কারণে চাকার সঙ্গে রানওয়ের ঘর্ষণে কিছুটা ধোঁয়া দেখা গিয়ে থাকতে পারে। কারিগরি দলের পরীক্ষার পর ত্রুটির প্রকৃত কারণ জানা যাবে।
অন্যদিকে, ইউএস-বাংলা এয়ারলাইন্স এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ‘ইন্সট্রুমেন্ট ইনডিকেশন মিসম্যাচ’-এর কারণে ককপিটে যান্ত্রিক ত্রুটির নির্দেশনা আসার সঙ্গে সঙ্গেই পাইলট যাত্রা বাতিল করেন। উড়োজাহাজের ইঞ্জিন, চাকা, ল্যান্ডিং গিয়ার বা অন্য কোনো যন্ত্রাংশে আগুন লাগেনি বলে দাবি করে সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, টার্মিনালে অবস্থানরত ওই ফ্লাইটের যাত্রীদের ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিকল্প আরেকটি উড়োজাহাজে করে জেদ্দায় পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
সর্বশেষ সংবাদ, বিশ্লেষণ ও আপডেট পেতে businesstoday24.com ফলো করুন এবং আপনার মূল্যবান মতামত জানিয়ে মন্তব্য করুন।










