Home আকাশ পথ দক্ষিণ সুদানে বিমান বিধ্বস্ত, ১৪ আরোহীর প্রাণহানি

দক্ষিণ সুদানে বিমান বিধ্বস্ত, ১৪ আরোহীর প্রাণহানি

এভিয়েশন ডেস্ক: দক্ষিণ সুদানের রাজধানী জুবায় এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় ১৪ জন আরোহীর সবার মৃত্যু নিশ্চিত করেছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (SSCAA)। সোমবার (২৭ এপ্রিল ২০২৬)  জুবা আন্তর্জাতিক বিমানবন্দরের অদূরে লুরি এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

সাউথ সুদান সিভিল এভিয়েশন অথরিটির এক বিবৃতিতে জানায়, সিটিলিংক এভিয়েশন লিমিটেড পরিচালিত ‘সেসনা ২০৮ ক্যারাভান’ (Cessna 208 Caravan) মডেলের বিমানটি (রেজিস্ট্রেশন: 5Y-NOK) সোমবার সকাল ৯টা ১৫ মিনিটে ইয়ে (Yei) থেকে জুবায় আসার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। উড্ডয়নের মাত্র ৩০ মিনিটের মাথায় সকাল ৯টা ৪৩ মিনিটে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরবর্তীতে জুবাই থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়।
 দুর্ঘটনা কবলিত বিমানে মোট ১৪ জন আরোহী ছিলেন, যাদের মধ্যে ১৩ জন যাত্রী এবং একজন পাইলট। এসএসসিসিএ নিশ্চিত করেছে যে নিহতদের মধ্যে ১২ জন দক্ষিণ সুদানের নাগরিক এবং ২ জন কেনিয়ার নাগরিক। উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে পৌঁছে নিশ্চিত করেছে যে এই ঘটনায় কেউ বেঁচে নেই।
 কর্তৃপক্ষের প্রাথমিক ধারণা, প্রতিকূল আবহাওয়া এবং অতি নিম্ন দৃশ্যমানতার (low visibility) কারণে বিমানটি বিধ্বস্ত হতে পারে। তবে প্রকৃত কারণ উদঘাটনে ইতিমধ্যেই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এসএসসিসিএ-এর একটি বিশেষ দল দুর্ঘটনাস্থলে তথ্য প্রমাণ সংগ্রহ এবং ব্ল্যাক বক্স উদ্ধারের কাজ চালাচ্ছে।
দক্ষিণ সুদানের বিমান চলাচল কর্তৃপক্ষ নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছে এবং তদন্তের অগ্রগতি অনুযায়ী পরবর্তী আপডেট জানাবে বলে জানিয়েছে।
উল্লেখ্য, দক্ষিণ সুদানে সাম্প্রতিক বছরগুলোতে জরাজীর্ণ বিমান ও প্রতিকূল আবহাওয়ার কারণে ছোট আকারের বিমান দুর্ঘটনার হার ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠেছে।
 businesstoday24.com এর সাথেই থাকুন।