আনোয়ার আহমেদ, কুয়ালালামপুর: কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের (কেএলআইএ) টার্মিনাল ২ থেকে ঢাকা যাওয়ার পথে একটি জাল অস্থায়ী কর্মসংস্থান ভিজিট পাস (ePASS) ব্যবহারের অভিযোগে ৩৯ বছর বয়সী এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে মালয়েশিয়ান বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এজেন্সি ।
এজেন্সিটি সোমবার (১৯ জানুয়ারি) এক বিবৃতিতে জানায়, রবিবার (১৮ জানুয়ারি) বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে কেএলআইএ টার্মিনাল ২-এর আন্তর্জাতিক বহির্গমন হলে এয়ারএশিয়ার একটি ফ্লাইটের যাত্রীদের পরীক্ষার সময় ওই ব্যক্তিকে থামানো হয়। ফ্লাইটটি সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে ঢাকা অভিমুখে রওনা হওয়ার কথা ছিল।
বিবৃতিতে বলা হয়, “প্রাথমিক তল্লাশিতে ওই ব্যক্তির পাসপোর্টের ভেতরে একটি ডিজিটাল অস্থায়ী কর্মসংস্থান ভিজিট পাস (ই-পাস) লাগানো পাওয়া যায়। তবে অধিকতর যাচাই-বাছাইয়ের পর দেখা যায় যে, পাসটি অবৈধ এবং ভুয়া বলে সন্দেহ করা হচ্ছে।”
আটককৃত ব্যক্তিকে প্রথমে কেএলআইএ টার্মিনাল ২-এর ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়। পরবর্তী তদন্ত এবং সংশ্লিষ্ট আইনের অধীনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তাকে এখন একেপিএস এনফোর্সমেন্ট ডিভিশনের কাছে হস্তান্তর করা হয়েছে।
একেপিএস জাতীয় সীমান্ত নিরাপত্তা জোরদার করার বিষয়ে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। সংস্থাটি স্পষ্ট করে জানিয়েছে যে, ভ্রমণ নথি বা ইমিগ্রেশন পাসের অপব্যবহারের যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে তারা কোনো প্রকার আপস করবে না।