Home সারাদেশ ট্রাম্প হেয়ারস্টাইলে ভাইরাল! কুরবানির হাটের নতুন ক্রেজ মহিষ

ট্রাম্প হেয়ারস্টাইলে ভাইরাল! কুরবানির হাটের নতুন ক্রেজ মহিষ

 

  • বিরল অ্যালবিনো: কালো মহিষের ভিড়ে এক ব্যতিক্রমী সেলিব্রিটি
  • স্কাই নিউজ থেকে সোশ্যাল মিডিয়া: বিশ্বজুড়ে শোরগোল
  • ভিআইপি প্রটোকলে ‘ট্রাম্প’: দিনে ৪ বার গোসল ও বিশেষ ডায়েট
  • সেলফি তোলার ধুম: দর্শনার্থীদের চাপে বিঘ্নিত খাওয়াদাওয়ার রুটিন
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, নারায়ণগঞ্জ: কুরবানির ঈদকে সামনে রেখে নারায়ণগঞ্জের এক খামারে এখন উপচে পড়া ভিড়। কোনো সাধারণ পশু দেখতে নয়, মানুষ দূর-দূরান্ত থেকে ছুটে আসছে এক সেলিব্রিটি মহিষকে দেখতে। সোনালী রঙের চমৎকার চুল, গোলাপি নাক আর ধবধবে সাদাটে ক্রিমের মতো গায়ের রঙের এই মহিষটি রাতারাতি সোশ্যাল মিডিয়ায় গ্লোবাল সেনসেশন হয়ে উঠেছে। তবে এর আসল আকর্ষণ লুকিয়ে আছে তার মাথায়।
কপালের ওপর ঝুলে থাকা সোনালী চুলের চেনা ছাঁটের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই একে মেলাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে! আর এই মিল থেকেই আদর করে তার নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম স্কাই নিউজ পর্যন্ত পৌঁছে গেছে নারায়ণগঞ্জের এই ‘ট্রাম্প’-এর খ্যাতি। ৪ বছর বয়সী এই অ্যালবিনো মহিষটির ওজন প্রায় ৭০০ কেজি। সাধারণত বাংলাদেশে কালো রঙের মহিষই বেশি দেখা যায়, তাই এই বিরল সাদা বা অ্যালবিনো মহিষটিকে দেখতে প্রতিদিন ভিড় করছেন শত শত মানুষ।
নামের পেছনে পারিবারিক কৌতুক
খামারের মালিক জিয়াউদ্দিন মৃধা জানান, শখের বশে তার ছোট ভাই মহিষটির কপালের চুল দেখে ডোনাল্ড ট্রাম্পের সাথে তুলনা করে এই নামকরণ করেছিলেন। পারিবারিক সেই কৌতুক যে সত্যি সত্যি বিশ্বজুড়ে শোরগোল ফেলে দেবে, তা কেউ ভাবেনি।
বিশাল দেহ আর রাজকীয় লুক হলেও স্বভাবের দিক থেকে ‘ট্রাম্প’ কিন্তু ভীষণ শান্ত। তবে এই তুমুল জনপ্রিয়তার কারণে তার দৈনন্দিন রুটিনে কিছুটা হিমশিম খেতে হচ্ছে খামারিদের। সেলিব্রিটি মহিষের সাথে সেলফি তুলতে আর তাকে এক নজর দেখতে আসা দর্শনার্থীদের ভিড়ে মাঝেমধ্যে তার সময়মতো খাওয়াদাওয়ায় বিঘ্ন ঘটছে। বিশেষ এই পশুর যত্নেও রয়েছে বাড়তি আয়োজন; দিনে প্রায় চারবার গোসল করানোসহ স্পেশাল ডায়েট দেওয়া হচ্ছে তাকে।
কুরবানির হাটের আমেজে এই ডোনাল্ড ট্রাম্প নামের মহিষটি এখন শুধুই একটি পশু নয়, বরং উৎসবের মুখে বিনোদনের এক অন্যতম খোরাক হয়ে দাঁড়িয়েছে।
খবরটি ভালো লাগলে businesstoday24.com ফলো করুন