Home আইন-আদালত হাইকোর্টে প্রার্থিতা ফিরে পেলেন ফটিকছড়ির বিএনপি প্রার্থী সারোয়ার আলমগীর

হাইকোর্টে প্রার্থিতা ফিরে পেলেন ফটিকছড়ির বিএনপি প্রার্থী সারোয়ার আলমগীর

সারোয়ার আলমগীর

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সারোয়ার আলমগীরের প্রার্থিতা বহাল রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত স্থগিত করে আজ মঙ্গলবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতের এই রায়ের ফলে সারোয়ার আলমগীরের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আর কোনো আইনি বাধা রইল না বলে নিশ্চিত করেছেন তার আইনজীবীরা।

আদালতে সারোয়ার আলমগীরের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী আহসানুল করিম, ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল, সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজি ও সৈয়দ মামুন মাহবুব। অন্যদিকে, রিটের বিপক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু ও ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবিরসহ অন্যন্যরা।

মামলার প্রেক্ষাপট: উল্লেখ্য যে, মনোনয়নপত্র বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তা সারোয়ার আলমগীরকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করেছিলেন। তবে তার বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগ তুলে নির্বাচন কমিশনে আপিল করেন জামায়াত সমর্থিত প্রার্থী মুহাম্মদ নুরুল আমিন।

ওই আপিলের প্রেক্ষিতে গত ১৮ জানুয়ারি সারোয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিল করে ইসি। পরবর্তীতে কমিশনের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন তিনি। আজ শুনানি শেষে আদালত ইসির সিদ্ধান্ত স্থগিত করে তার প্রার্থিতা ফিরিয়ে দেওয়ার আদেশ দেন।