বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: বহুল আলোচিত ‘ছাগলকাণ্ডে’র জেরে ফেঁসে যাওয়া জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলার চার্জগঠন শুনানি আবারও পিছিয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা এই মামলায় চার্জগঠন শুনানির জন্য আগামী ৫ জুলাই নতুন দিন ধার্য করেছেন আদালত।
সোমবার (১১ মে) বিভাগীয় স্পেশাল জজ শারমিন আফরোজের আদালতে মামলাটির চার্জগঠন শুনানির দিন নির্ধারিত ছিল। তবে আসামিপক্ষের আইনজীবীরা সময় চেয়ে আবেদন করলে আদালত তা মঞ্জুর করে পরবর্তী এই তারিখ নির্ধারণ করেন। মতিউর রহমানের আইনজীবী মো. ওয়াহিদুজ্জামান লিটন ঢালি বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
২০২৪ সালের ১৫ ডিসেম্বর মতিউর রহমান ও তার দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে ১১ কোটি ১৮ লাখ ৮৬ হাজার ১২০ টাকার অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে পৃথক দুটি মামলা করে দুদক। তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মতিউর রহমান তার সম্পদ বিবরণীতে ১ কোটি ২৪ লাখ ২৫ হাজার ২১১ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। এছাড়া সরকারি ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে ৫ কোটি ৪০ লাখ ৯৭ হাজার ৬৭২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।
উল্লেখ্য, ২০২৪ সালে কোরবানির ঈদের আগে ঢাকার সাদিক অ্যাগ্রো থেকে ইফাত নামের এক তরুণের ১৫ লাখ টাকায় একটি ছাগল কেনার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর সূত্র ধরে বেরিয়ে আসে ওই তরুণ এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের ছেলে। এরপরই তার পাহাড়সম সম্পদের তথ্য জনসমক্ষে আসতে শুরু করে এবং তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।










