বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: সরকারি কর্মকমিশন (পিএসসি), দুর্নীতি দমন কমিশন (দুদক), মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) এবং ন্যায়পাল নিয়োগের বিধান সংবিধানে অন্তর্ভুক্ত করার বিষয়ে সিদ্ধান্ত জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন।
বৃহস্পতিবার (৩১ জুলাই) ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত সংলাপের দ্বিতীয় ধাপের ২৩তম দিনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষে এ সিদ্ধান্ত জানায় কমিশন।
তবে এ সিদ্ধান্তের বিরোধিতা করে ‘নোট অব ডিসেন্ট’ দেবে বিএনপি, জাতীয়তাবাদী সমমনা জোট, ১২ দলীয় জোট, এনডিএম এবং আমজনতার দল।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দীন আহমেদ বলেন, “সংবিধানে এসব নিয়োগের বিধান যুক্ত করার প্রয়োজন নেই। বরং নিয়োগের জন্য শক্তিশালী ও নিরপেক্ষ আইন থাকা জরুরি।”
সংলাপ শেষে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ সাংবাদিকদের জানান, “পিএসসি, দুদক, সিএজি ও ন্যায়পাল নিয়োগের প্রস্তাবটি মূলত বাছাই কমিটির মাধ্যমে নিয়োগের কথা বলছে। তবে বিএনপি ও তার মিত্র দলগুলো একমত হয়নি।”
এদিকে নির্বাচন কমিশন নিয়োগের বিধান সংবিধানে অন্তর্ভুক্ত করার বিষয়ে বেশিরভাগ রাজনৈতিক দল একমত পোষণ করেছে।
জাতীয় ঐকমত্য কমিশন প্রথমে সংবিধান সংস্কার কমিশনের (সংশি) মাধ্যমে জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) গঠন করে নিয়োগের একটি কাঠামো প্রস্তাব করেছিল। তবে বিভিন্ন দলের আপত্তির কারণে পরে বিকল্প প্রস্তাব হিসেবে নিয়োগ কমিটির সুপারিশ আনা হয়।
সেই নিয়োগ কমিটি সংবিধানে অন্তর্ভুক্ত করা হবে কিনা, তা নিয়ে মতভেদ থাকলেও কমিশন এখন পৃথকভাবে পিএসসি, দুদক, সিএজি, ন্যায়পাল এবং নির্বাচন কমিশনের নিয়োগ প্রক্রিয়াকে সাংবিধানিক কাঠামোয় আনার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে।










