Home রাজনীতি বিএনপির কেন্দ্রীয় পদ ছাড়লেন রফিকুল, যোগ দিলেন জামায়াতে

বিএনপির কেন্দ্রীয় পদ ছাড়লেন রফিকুল, যোগ দিলেন জামায়াতে

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, গাজীপুর: বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে পদত্যাগ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন বীর মুক্তিযোদ্ধা রফিকুল বাসেত।

আজ বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় গাজীপুরের টঙ্গী পূর্ব থানার ৫৭ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন।

রফিকুল বাসেত তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে বিএনপির গাজীপুর মহানগর মুক্তিযোদ্ধা দলের সভাপতি এবং কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

যোগদানের প্রেক্ষাপট: যোগদান অনুষ্ঠানে রফিকুল বাসেত জানান, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতার পর গভীর আত্মসমালোচনা ও চিন্তা-উপলব্ধি থেকে তিনি ইসলামী আদর্শে জীবন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি মনে করেন, ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র গঠনে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য ইসলামী জীবনব্যবস্থাই সর্বোত্তম পথ।

গাজীপুর মহানগরের নায়েবে আমীর ও গাজীপুর-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হোসেন আলী এবং মহানগর সহকারী সেক্রেটারি আফজাল হোসেনের হাতে ফুল দিয়ে তিনি দলে অন্তর্ভুক্ত হন।

ক্ষমা ও দোয়া প্রার্থনা: নতুন রাজনৈতিক যাত্রা শুরু করতে গিয়ে রফিকুল বাসেত তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনের কোনো ভুলত্রুটির জন্য সকলের কাছে ক্ষমা প্রার্থনা করেন। একইসঙ্গে তিনি যেন সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকতে পারেন, সেজন্য সবার কাছে দোয়া চেয়েছেন। যোগদান অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর স্থানীয় ও মহানগর পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।