Home চট্টগ্রাম জাহাজভাঙা শিল্পে টেকসই উন্নয়নের অন্তরায় অনিরাপদ কর্মপরিবেশ

জাহাজভাঙা শিল্পে টেকসই উন্নয়নের অন্তরায় অনিরাপদ কর্মপরিবেশ

ছবি সংগৃহীত
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চট্টগ্রাম: দেশের অর্থনীতিতে জাহাজভাঙা শিল্প বড় ভূমিকা রাখলেও এর কারিগর বা শ্রমিকদের জীবনের নিরাপত্তা এখনো উপেক্ষিত। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে আয়োজিত এক মানববন্ধন ও সমাবেশে শ্রমিক নেতারা এই উদ্বেগের কথা জানান। জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা দিবস উপলক্ষে জাহাজভাঙা শ্রমিক সেফটি কমিটি এই সমাবেশের আয়োজন করে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রবীণ শ্রমিক নেতা তপন দত্ত বলেন, জাহাজভাঙা ইয়ার্ডগুলোতে শ্রমিকরা প্রতিনিয়ত অগ্নিকাণ্ড, বিষাক্ত গ্যাস এবং প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জামের অভাবে প্রাণ হারাচ্ছেন। শ্রমিকদের জীবনকে ঝুঁকিতে রেখে কোনো শিল্পের প্রকৃত ও টেকসই উন্নয়ন সম্ভব নয় বলে তিনি হুঁশিয়ারি দেন।
সেফটি কমিটির যুগ্ম আহ্বায়ক মো. দিদারুল আলম চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত এই কর্মসূচিতে সঞ্চালনা করেন বিলস চট্টগ্রাম কেন্দ্রের কো-অর্ডিনেটর ফজলুল কবির মিন্টু। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা এ এম নাজিম উদ্দিন।
বক্তারা অবিলম্বে জাহাজভাঙা শিল্পে বিদ্যমান সকল ঝুঁকি নিরসন করে শ্রমিকদের জন্য একটি আন্তর্জাতিক মানের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানান।
বক্তারা আরও উল্লেখ করেন যে, স্বাস্থ্যঝুঁকি ও পেশাগত নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা না হলে এই শিল্প ভবিষ্যতে দক্ষ শ্রমিক সংকটে পড়তে পারে, যা সামগ্রিক অর্থনীতির জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে।

নিত্যনতুন সংবাদের আপডেট পেতে businesstoday24.com ফলো করুন