বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা অত্যন্ত স্বচ্ছ, সুষ্ঠু ও আধুনিক পদ্ধতিতে আয়োজনের লক্ষ্যে কঠোর অবস্থান গ্রহণ করেছে শিক্ষা মন্ত্রণালয়।
আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক উচ্চপর্যায়ের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এই কঠোর নির্দেশনার কথা জানান। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
সভায় মন্ত্রী স্পষ্ট করে জানান যে, পরীক্ষায় যেকোনো ধরনের অনিয়ম বা ডিজিটাল ডিভাইসের মাধ্যমে নকল প্রতিরোধে প্রয়োজনে দ্রুততম সময়ের মধ্যে নতুন আইন প্রণয়ন করা হবে।
তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন যাতে ঝুঁকিপূর্ণ পরীক্ষা কেন্দ্রগুলো পুনরায় তদন্ত করে একটি হালনাগাদ তালিকা তৈরি করা হয়। কেন্দ্রগুলোতে পরীক্ষার্থীদের প্রবেশের সময় কঠোরভাবে ‘বডি সার্চ’ নিশ্চিত করার পাশাপাশি শিক্ষকদের সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ দেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র সংক্রান্ত কোনো গুজব বা কনটেন্ট ছড়ালে জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও প্রদান করেন ড. মিলন।
শিক্ষামন্ত্রী তার বক্তব্যে দেশের শিক্ষা ব্যবস্থার গুণগত পরিবর্তনের ওপর জোর দিয়ে বলেন, মেধাভিত্তিক জাতি গঠনে অটোপাশের কোনো সুযোগ আর রাখা হবে না। তিনি প্র্যাকটিক্যাল পরীক্ষায় ঢালাওভাবে গড় নম্বর দেওয়ার প্রচলিত প্রথার কড়া সমালোচনা করেন এবং প্রকৃত মেধা যাচাইয়ের মাধ্যমে নম্বর প্রদানের নির্দেশনা দেন।
এমনকি পরীক্ষা কেন্দ্রের টয়লেটে যদি কোনো নকলের আলামত পাওয়া যায়, তবে তার জন্য সরাসরি কেন্দ্র কর্তৃপক্ষকে দায়ী করা হবে বলে তিনি সতর্ক করেন। জনসচেতনতা বাড়াতে খুব শীঘ্রই দেশব্যাপী জেলা পর্যায়ে মোটিভেশনাল মিটিং শুরু করা হবে বলেও জানান তিনি।
শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে মন্ত্রী একটি গুরুত্বপূর্ণ পরিকল্পনার কথা জানান। যেসব জেলায় বর্তমানে কোনো জিলা স্কুল নেই, সেখানে প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত (উচ্চমাধ্যমিক স্কুলের আদলে) সমন্বিত জিলা স্কুল প্রতিষ্ঠা করা হবে। এই পদক্ষেপ দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষা কাঠামোকে আরও সুসংহত করবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।
সকল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এই সভায় ২০২৬ সালের পরীক্ষাকে একটি মাইলফলক হিসেবে সম্পন্ন করার শপথ নেওয়া হয়।
নতুন সব আপডেট পেতে businesstoday24.com ওয়েবসাইটটি নিয়মিত ফলো করুন এবং আপনার মূল্যবান মন্তব্য আমাদের জানান।