বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘ক্রিটিকাল (সংকটাপন্ন) তবে স্থিতিশীল’ বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা। তিনি জানান, বেগম জিয়া বর্তমানে সজ্ঞানে আছেন এবং চিকিৎসকদের নির্দেশনা মেনে চলছেন।
শনিবার (২৯ নভেম্বর) দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়াকে দেখতে যান জাতীয় নাগরিক পার্টির একটি প্রতিনিধি দল। পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডা. তাসনিম জারা।
খালেদা জিয়ার শারীরিক অবস্থার বর্ণনা দিয়ে ডা. তাসনিম জারা বলেন, ‘সতর্কতা মেনে আমার উনাকে দেখার সুযোগ হয়েছে। উনি সজ্ঞানে আছেন, সজাগ আছেন। চিকিৎসক এবং নার্স উনাকে যে নির্দেশনা দিচ্ছেন, সেগুলো তিনি ফলো করতে পারছেন। তার শারীরিক অবস্থা ক্রিটিকাল, তবে তিনি ফাইট করছেন।’
তিনি আরও বলেন, ‘বেগম জিয়া দলমত সবকিছুর ঊর্ধ্বে উঠে সবসময় সংগ্রাম করেছেন, তিনি সহনশীলতার প্রতীক ছিলেন। তিনি বর্তমানে অ্যাডভান্সড ট্রিটমেন্ট (উন্নত চিকিৎসা) পাচ্ছেন। আমরা দলমত নির্বিশেষে উনার সুস্থতার জন্য দোয়া করবো।’
এর আগে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এভারকেয়ার হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও চলমান চিকিৎসার খোঁজখবর নেন।
এ সময় হাসনাত আবদুল্লাহ বলেন, ‘সবাই উনার জন্য দোয়া করবেন। দেশ গণতান্ত্রিক উত্তরণের দিকে যাচ্ছে—উনি যেন সেটা নিজের চোখে দেখে যেতে পারেন। শেখ হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত উনি যেন বেঁচে থাকেন।’ তিনি অভিযোগ করে বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় খালেদা জিয়াকে সঠিকভাবে চিকিৎসা করতে দেওয়া হয়নি।
জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘দোয়া চাওয়া ছাড়া এই মুহূর্তে আমাদের আর কিছু করার নেই। দেশবাসীসহ সবার কাছে খালেদা জিয়ার জন্য দোয়া চাই।’










