Home Second Lead আল্টিমেটাম শেষ হওয়ার আগেই নুরা গ্রেপ্তার

আল্টিমেটাম শেষ হওয়ার আগেই নুরা গ্রেপ্তার

মাধবদীতে কিশোরী হত্যা

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, নরসিংদী: মাধবদীতে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ ও পরবর্তীতে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় মূল আসামি নুরাসহ মোট সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে গাজীপুরের মাওনা এলাকা থেকে প্রধান আসামি নুরাকে এবং ময়মনসিংহের গৌরীপুর থেকে অপর আসামি হযরত আলীকে গ্রেপ্তার করা হয়।
আটক জামায়াত নেতা এবাদুল্লাহ
নরসিংদীর পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার রাতে স্থানীয় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য আহাম্মদ আলী দেওয়ানসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ ফেব্রুয়ারি বখাটে নুরার নেতৃত্বে ৫-৬ জনের একটি দল ওই কিশোরীকে তুলে নিয়ে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে। এই ঘটনার বিচার চেয়ে ভুক্তভোগী পরিবার স্থানীয় প্রভাবশালী ও বিএনপি নেতা আহাম্মদ আলী দেওয়ানের দ্বারস্থ হয়।
অভিযোগ রয়েছে, আহাম্মদ আলী দেওয়ান ঘটনাটি ধামাচাপা দিতে সালিশ বৈঠকের আয়োজন করেন এবং পরিবারটিকে আপস করতে চাপ দেন। তাতে ব্যর্থ হয়ে উল্টো ভুক্তভোগী পরিবারকে এলাকা ছাড়ার নির্দেশ দেন তিনি।
পরবর্তীতে গত বুধবার রাতে নিহতের বাবা আশরাফ হোসেন মেয়েকে নিয়ে আত্মীয়ের বাড়ি যাওয়ার পথে বড়ইতলা এলাকায় পৌঁছালে নুরার নেতৃত্বাধীন দলটি তাদের পথরোধ করে। বাবার সামনে থেকে অস্ত্রের মুখে কিশোরীকে পুনরায় তুলে নিয়ে যাওয়া হয়। পরদিন বৃহস্পতিবার দুপুরে স্থানীয় একটি সরিষা ক্ষেত থেকে ওই কিশোরীর ওড়না পেঁচানো মরদেহ উদ্ধার করে পুলিশ।
আল্টিমেটাম ও আইনি পদক্ষেপ
এই নৃশংস ঘটনার পর অভিযুক্তদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলেন এনসিপি নেতা ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। সেই সময়সীমা শেষ হওয়ার আগেই পুলিশ মূল আসামিদের ধরতে সক্ষম হয়।
এ ঘটনায় নিহতের মা ফাহিমা বেগম বাদী হয়ে নুরাকে প্রধান আসামি করে ৯ জনের বিরুদ্ধে মাধবদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ জানায়, বাকি আসামিদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে।

সবশেষ আপডেট পেতে businesstoday24.com ফলো করুন এবং আপনার মূল্যবান মন্তব্য জানান।