Home First Lead প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত সিলেট: উদ্বোধন হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ও বাসিয়া...

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত সিলেট: উদ্বোধন হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ও বাসিয়া খাল খনন প্রকল্প

প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, সিলেট: আগামীকাল শনিবার একদিনের সফরে পুণ্যভূমি সিলেটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম সিলেট সফর। এর আগে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি সিলেটে এলেও প্রধানমন্ত্রীর এই আনুষ্ঠানিক আগমনকে ঘিরে পুরো নগরীতে বইছে আনন্দের জোয়ার। তার এই সফরকে কেন্দ্র করে তিনটি বড় চমক পেতে যাচ্ছেন সিলেটবাসী।

প্রধানমন্ত্রীর এই সফরের অন্যতম প্রধান আকর্ষণ হলো জেলা স্টেডিয়াম থেকে দেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন। তৃণমূল পর্যায় থেকে ক্রীড়া প্রতিভা অন্বেষণের এই বিশেষ উদ্যোগটি ইতোমধ্যে ক্রীড়াঙ্গনে ব্যাপক সাড়া ফেলেছে। উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে রিকাবীবাজারস্থ জেলা স্টেডিয়ামকে বর্ণাঢ্য সাজে সজ্জিত করা হয়েছে।

জেলা প্রশাসনসূত্রে জানা গেছে, স্টেডিয়ামের ১২ হাজার দর্শক ধারণক্ষম গ্যালারির সিংহভাগ জুড়েই থাকবে স্কুল-কলেজের শিক্ষার্থীরা। বিএনপি’র কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী জানিয়েছেন, প্রধানমন্ত্রী চাইলে ঢাকা থেকেই এই কার্যক্রমের উদ্বোধন করতে পারতেন, কিন্তু সিলেটের প্রতি তার বিশেষ গুরুত্বের কারণেই তিনি এখান থেকে এটি শুরু করছেন। একই সঙ্গে ভার্চ্যুয়ালি আরও কয়েকটি জেলায় এই কার্যক্রমের যাত্রা শুরু হবে।

অন্যদিকে সিলেট সিটি করপোরেশনের তত্ত্বাবধানে বাস্তবায়িত ৪৬০০ কোটি টাকার বিশাল উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। নগরের ঐতিহাসিক চাঁদনী ঘাটের সিঁড়ির সামনে এই উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হবে। এরপর তিনি নগর ভবনের সামনে আয়োজিত এক সুধী সমাবেশে ভাষণ দেবেন। সিটি প্রশাসক ও জেলা বিএনপি’র সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরী এই সফর নিয়ে সিলেটবাসীর উচ্ছ্বাসের কথা জানান।

সফরের তৃতীয় বড় চমক হিসেবে থাকছে বিশ্বনাথের বাসিয়া খাল খনন কাজের শুভ উদ্বোধন। ২১ কিলোমিটার দীর্ঘ এই খাল খননের ফলে ওই অঞ্চলের প্রায় এক লক্ষ কৃষক সরাসরি উপকৃত হবেন। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সম্প্রতি খালটি পরিদর্শন করে জানিয়েছেন, এর ফলে স্থানীয় খাদ্যভাণ্ডার আরও সমৃদ্ধ হবে।

সফরকালে প্রধানমন্ত্রী হযরত শাহজালাল (র.) মাজার জিয়ারত করবেন এবং বিকেলে শিল্পকলা একাডেমিতে বিএনপি’র নেতাকর্মীদের সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভায় মিলিত হবেন। প্রধানমন্ত্রীর এই আগমনকে কেন্দ্র করে প্রশাসনের পাশাপাশি দলীয় নেতাকর্মীরাও তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করেছেন।

ভিজিট করুন www.businesstoday24.com এবং আপনার মন্তব্য জানান।