Home সারাদেশ ফেনীর মহাসড়কে ঝরল বাবা-ছেলের প্রাণ

ফেনীর মহাসড়কে ঝরল বাবা-ছেলের প্রাণ

নিহত পিতা-পুত্র
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ফেনী: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাবা ও ছেলে। মঙ্গলবার (১২ মে) সকাল ৯টায় মহাসড়কের হাফেজিয়া এলাকায় একটি বেপরোয়া বাসের চাপায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহতরা হলেন সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের রাজাপুর গ্রামের নুর আলম (৪৫) ও তার ছোট ছেলে নিরব (১২)। নুর আলম পেশায় একজন অ্যাম্বুলেন্স চালক ছিলেন। এই দুর্ঘটনায় নুর আলমের ভাগিনা আফজাল মিঠু গুরুতর আহত হয়েছেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে নুর আলম তার ছেলে ও ভাগিনাকে নিয়ে মোটরসাইকেলযোগে বোনের বাড়ি ভাঙার তাকিয়া থেকে ফেনী শহরের দিকে যাচ্ছিলেন। হাফেজিয়া এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী বাস তাদের মোটরসাইকেলটিকে সজোরে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নুর আলম মারা যান।
স্থানীয়রা গুরুতর আহত নিরব ও মিঠুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে নিরবও শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আহত মিঠুকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনার পরপরই ঘাতক বাসের চালক পালিয়ে যায়। খবর পেয়ে মহিপাল হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেলটি জব্দ করে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘাতক বাসটি আটক করতে পারলেও চালক পলাতক রয়েছে। এই বিষয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং দোষী চালককে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
নিহত নুর আলম ও তার ছেলের এমন আকস্মিক মৃত্যুতে পুরো সোনাগাজী ও ফেনী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে হাসপাতাল চত্বর।
ভিজিট করুন www.businesstoday24.com