Home Third Lead বিশ্বব্যাংক-বিএসএএ বৈঠক: বন্দর ডিজিটালাইজেশনের তাগিদ

বিশ্বব্যাংক-বিএসএএ বৈঠক: বন্দর ডিজিটালাইজেশনের তাগিদ

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চট্টগ্রাম:  দেশের সমুদ্রবন্দর ও মেরিটাইম লজিস্টিকস খাতের সক্ষমতা বৃদ্ধি, আধুনিকায়ন এবং বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে বিশ্বব্যাংক মিশনের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা করেছে বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন (বিএসএএ)।
গতকাল বৃহস্পতিবার (২ জুলাই ২০২৬) বিএসএএ কনফারেন্স রুমে পোর্ট ও মেরিটাইম সাপ্লাই চেইন ডিজিটালাইজেশন সংক্রান্ত এই উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।
বিএসএএ-এর চেয়ারম্যান ক্যাপ্টেন মো. সালাহ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সংগঠনের বর্তমান ও সাবেক পরিচালক, উপদেষ্টা এবং দেশের শীর্ষস্থানীয় শিপিং ও লজিস্টিকস প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। অন্যদিকে বিশ্বব্যাংক প্রতিনিধিদলে ছিলেন সিনিয়র ট্রান্সপোর্ট স্পেশালিস্ট নুসরাত নাহিদ বাবি, ডিজিটাল পোর্টস অ্যান্ড মেরিটাইম ইনফ্রাস্ট্রাকচার বিষয়ক সিনিয়র কনসালট্যান্ট প্যাসকেল অলিভিয়ারসহ অন্যান্য আন্তর্জাতিক মেরিটাইম লজিস্টিকস বিশেষজ্ঞরা।
উন্মুক্ত ও দ্বিপাক্ষিক এই আলোচনায় শিপিং এজেন্টরা বাংলাদেশের মেরিটাইম খাতের মাঠপর্যায়ের নানা সমস্যা, চ্যালেঞ্জ ও বাস্তব অভিজ্ঞতা বিশ্বব্যাংক প্রতিনিধিদলের সামনে তুলে ধরেন। বৈঠকে মূলত বন্দরের কনটেইনার ও জাহাজ জট নিরসন, সনাতন আমলাতান্ত্রিক নথিপত্র প্রক্রিয়ার অবসান ঘটিয়ে দ্রুত জাহাজ ছাড়করণের (ভেসেল ক্লিয়ারেন্স) সম্পূর্ণ ডিজিটালাইজেশন এবং কাস্টমসসহ সংশ্লিষ্ট সব অংশীজন সংস্থার মধ্যে সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্ম চালুর বিষয়ে জোর দেওয়া হয়।
এছাড়া চট্টগ্রাম বন্দরের আধুনিক যন্ত্রপাতি ও অবকাঠামোগত উন্নয়ন, বিপজ্জনক পণ্য (DG Cargo) ঘোষণার আধুনিক নিয়মাবলী, বন্দরের স্টোরেজ চার্জ যৌক্তিকীকরণ, জাহাজের আগমন-নির্গমন অনুমতি প্রক্রিয়ার সহজীকরণ এবং সম্প্রতি ঘোষিত নতুন পোর্ট ট্যারিফ বাস্তবায়নের মতো অতিগুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিষয়গুলো আলোচনায় উঠে আসে।
বৈঠকে বিশ্বব্যাংক প্রতিনিধিরা বাংলাদেশের অর্থনীতিতে বন্দর ও জাহাজ চলাচল খাতের গুরুত্বের কথা উল্লেখ করে এর আধুনিকায়নে প্রযুক্তিগত ও কৌশলগত সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। উভয় পক্ষই একমত হন যে, আন্তর্জাতিক বাণিজ্যে টিকে থাকতে হলে বন্দর ও মেরিটাইম খাতের টেকসই উন্নয়ন এবং ডিজিটালাইজেশনের কোনো বিকল্প নেই।
দেশ-বিদেশের অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য ও শিপিং খাতের সর্বশেষ সংবাদ জানতে এবং নিয়মিত আপডেট পেতে businesstoday24.com ফলো করুন।